সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করা রাবি ছাত্রদল নেতা মাদকসহ গ্রেফতার
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ১০:১০
সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করা রাবি ছাত্রদল নেতা মাদকসহ গ্রেফতার
রাবি প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

চাঁদাবাজি ও শিক্ষার্থীকে ছুরিকাঘাতের সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করা রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুর রহমান হাসিব মাদকসহ গ্রেফতার হয়েছেন।


শনিবার (১৫ আগস্ট) দুপুরে চৌদ্দপাই মিজানের মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম কবির।


হাসিব রাবির ইতিহাস বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ওসি গোলাম কবির জানান, দুপুরে এসআই রিপন কুমার গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ‘ট্যাপেন্টাডল’ নামক একটি মাদকসহ তাকে গ্রেপ্তার করেন। বর্তমানে তাকে মতিহার থানায় হেফাজতে রাখা হয়েছে।


এর আগে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক সদস্যের সঙ্গে চাঁদাবাজির ফোনালাপ ফাঁস হওয়ার ঘটনায় ২০২৪ সালের ১৯ অক্টোবর হাসিবুর ইসলাম হাসিবকে অব্যাহতি দিয়েছিল ছাত্রদল। এরপর ২০২৫ সালের ২৫ জুন তার বিরুদ্ধে ফের চাঁদাবাজির অভিযোগ তোলেন এক শিক্ষার্থী।


এছাড়াও ক্যাম্পাসে নারী শিক্ষার্থীসহ কয়েকজনকে আটকে চাঁদা দাবির অভিযোগও ছিল তার বিরুদ্ধে। যদিও পরে এসব ঘটনায় সত্যতা পাওয়া যায়নি উল্লেখ করে ২০২৫ সালেই হাসিবসহ বহিষ্কার হওয়া তিন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে ছাত্রদল।


পরবর্তীতে চলতি বছরের ২২ এপ্রিল বহিরাগতদের নিয়ে আবু হাসান নামে এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগও ওঠে তার বিরুদ্ধে।


এদিকে, এসব সংবাদ প্রকাশের জেরে ১১ জুলাই মতিহার থানায় মামলা করেন হাসিবুর রহমান হাসিব। মামলায় তিনি দাবি করেন, তাকে হেয়প্রতিপন্ন ও রাজনীতি থেকে সরিয়ে দেয়ার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে মিথ্যা ও মানহানিকর সংবাদ প্রকাশ করা হয়েছে।


মামলায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক, দ্য ডেইলি ক্যাম্পাসের রাবি প্রতিনিধি, সকালের বুলেটিনের সম্পাদক, দ্য ডেইলি ক্যাম্পাসের সম্পাদক, এনটিভি অনলাইনের সম্পাদক এবং ছুরিকাঘাতের ঘটনায় অভিযোগকারী শিক্ষার্থী হাসানকে আসামি করা হয়।


এদিকে, মাদকসহ গ্রেফতারের ঘটনায় তার বিরুদ্ধে সাংগঠনিক কোনো ব্যবস্থা নেয়া হবে কি না জানতে চাইলে শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, আমরা এখনও বিস্তারিত জানি না। সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করে বিস্তারিত জেনে সে যদি সত্যি মাদকসেবন ও মাদক কেনাবেচার সঙ্গে জড়িত থাকে, তাহলে সে অনুযায়ী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।


বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, আমরা বিষয়টি জানতে পেরেছি। দেশের প্রচলিত আইনে তার বিরুদ্ধে তদন্ত হবে। সত্যতা পাওয়া গেলে বিশ্ববিদ্যালয় প্রশাসনও তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com