
ঘুমের মধ্যে স্ট্রোক করে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থী। উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আক্রান্ত শিক্ষার্থীর নাম জাহিদুল ইসলাম সায়মন। তিনি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) প্রথম বর্ষের শিক্ষার্থী।
রবিবার (৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তাকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে পাঠানো হয়।
সায়মনের সহপাঠী সৌরভ জানান, সকালে ঘুমের মধ্যে হঠাৎ খাট থেকে পড়ে যায় সায়মন। প্রথমে আমরা কিছু বুঝতে পারিনি। পরে দেখি তার শরীর শক্ত হয়ে গেছে। তখন দ্রুত তাকে তুলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে ভর্তি করাই।
তিনি আরও জানান, প্রথমে সমস্যা বুঝতে না পারলেও পরে সিনিয়র ও শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করা হয়। শিক্ষকরা এসে জানান, সায়মন স্ট্রোক করেছে। এর আগেও সে দুইবার স্ট্রোক করেছিল বলে জানা গেছে। পরে শিক্ষকরা বিষয়টি উপাচার্যকে জানালে তাকে দ্রুত আইসিইউতে স্থানান্তর করা হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার প্রয়োজনীয় চিকিৎসা ও অপারেশন সম্ভব না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষার্থীর চিকিৎসার সকল ব্যবস্থা বিশ্ববিদ্যালয় প্রশাসন তদারকি করছে।
বিবার্তা/মোস্তাফিজুর/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]