মোহনপুরে আম পারা কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
প্রকাশ : ২৭ জুন ২০২৬, ২২:৪৮
মোহনপুরে আম পারা কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজশাহীর মোহনপুরে পারিবারিক দ্বন্দ্ব ও আম পারাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আব্দুর রাজ্জাক (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের আরও কয়েকজন আহত হয়েছেন।


শনিবার (২৭ জুন) উপজেলার মৌগাছি ইউনিয়নের হরিহরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জেরে আম নামানো নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নিলে আব্দুর রাজ্জাক গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। নিহত রাজ্জাক হরিহরপাড়া গ্রামের ভুগর মণ্ডলের ছেলে।


সংঘর্ষে আহত অন্যদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।


খবর পেয়ে মোহনপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।


বিবার্তা/মোস্তফিজুর/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com