রাজশাহীতে মাদকসহ ৩ জন গ্রেফতার
প্রকাশ : ২৫ জুন ২০২৬, ২০:১৭
রাজশাহীতে মাদকসহ ৩ জন গ্রেফতার
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজশাহী জেলার গোদাগাড়ী ও বাঘা উপজেলায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। অভিযানে ৪৫০ বোতল এসকাফ ৬৮ পিস ইয়াবা এবং একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। এ ঘটনায় তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।


ডিবি পুলিশের তথ্য অনুযায়ী, গত ২৪ জুন রাতে গোদাগাড়ী উপজেলার সারোইল এলাকায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে বিশেষ চেকপোস্ট পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে পুলিশ, একটি প্রাইভেটকারে করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীর দিকে আনা হচ্ছে।


এরই প্রেক্ষিতে ডিবির এসআই (নিরস্ত্র) মো. আশাফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ রাত ১১টার দিকে তল্লাশি অভিযান পরিচালনা করেন। এ সময় ঢাকা মেট্রো-গ-১৭-১২৪৭ নম্বরের একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালানো হলে গাড়ির পেছনের ডিকিতে থাকা তিনটি কার্টনের ভেতর থেকে ৪৫০ বোতল অবৈধ এসকাফ উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়।


গ্রেফতারকৃতরা হলেন— চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বহুলাবাড়ি কানসাট গ্রামের মাহাতাব উদ্দিনের ছেলে মো. মাহাবুব আলম (২৭) এবং গুয়াবাড়ি চাঁদপুর গ্রামের লাইসেন আলীর ছেলে মো. কাওসার আলী (২১)।


অন্যদিকে, একই দিন রাতে বাঘা থানাধীন দক্ষিণ গাওপাড়া এলাকার একটি আমবাগানে অভিযান চালিয়ে মো. শাকিব হাসান নামে এক মাদক কারবারিকে আটক করে পুলিশ। এসআই (নিরস্ত্র) প্রদ্যুৎ কুমার প্রামানিকের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে তার কাছ থেকে ৬৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।


পুলিশ জানায়, অভিযানের সময় আরও ছয়জন সহযোগী মাদক ব্যবসায়ী কৌশলে পালিয়ে যায়। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


উদ্ধারকৃত এসকাফ ও ইয়াবার ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী গোদাগাড়ী ও বাঘা থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।


পুলিশের দাবি, মাদক নির্মূল ও মাদক কারবারিদের আইনের আওতায় আনতে জেলা জুড়ে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।


বিবার্তা/মোস্তাফিজুর/এসএম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com