চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পাথরের নিচে লুকানো ছিল ৩২০ ভারতীয় ট্রাক যন্ত্রাংশ, আটক ১
প্রকাশ : ২১ জুন ২০২৬, ২২:২৮
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পাথরের নিচে লুকানো ছিল ৩২০ ভারতীয় ট্রাক যন্ত্রাংশ, আটক ১
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে ১০ টন ভারতীয় পাথরের আড়ালে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৩২০টি ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ করা হয়েছে। এ সময় একটি ট্রাকসহ এক ব্যক্তিকে আটক করা হয়।


বিজিবি সূত্রে জানা গেছে, গত ২০ জুন রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে মহানন্দা ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার এডি সেখ মনোয়ারুল ইসলামের নেতৃত্বে সোনামসজিদ বিওপির একটি টহলদল শিবগঞ্জ উপজেলার পিরোজপুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহভাজন একটি বাংলাদেশি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৫-৫১৯৮) থামিয়ে তল্লাশি চালানো হয়।


তল্লাশির একপর্যায়ে ট্রাকে বহন করা ভারতীয় পাথরের স্তূপের নিচে বিশেষভাবে গোপন করে রাখা ৩২০ পিস ট্রাকের যন্ত্রাংশ উদ্ধার করা হয়। বিজিবির ধারণা, যন্ত্রাংশগুলো অবৈধভাবে সীমান্ত পেরিয়ে দেশে আনা হয়েছিল এবং সেগুলো গোপনে বিভিন্ন স্থানে সরবরাহের পরিকল্পনা ছিল।


অভিযান চলাকালে ট্রাকের চালানসহ মো. মাহফুজুর রহমান (২৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি শিবগঞ্জ উপজেলার বাজিতপুর গ্রামের বাসিন্দা এবং মো. শফিকুল ইসলামের ছেলে বলে জানা গেছে।


জব্দকৃত ১০ টন পাথর, ৩২০টি ভারতীয় ট্রাক যন্ত্রাংশ এবং ব্যবহৃত ট্রাকটি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।


এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান রোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। তিনি আরও জানান, চোরাচালানের বিরুদ্ধে বাহিনীর ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত রয়েছে এবং সীমান্ত নিরাপত্তা ও অবৈধ পণ্য পাচার প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।


সীমান্ত অঞ্চলে সাম্প্রতিক সময়ে চোরাচালান দমনে বিজিবির ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এই অভিযানকে গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের তৎপরতা অব্যাহত থাকলে সীমান্তপথে অবৈধ পণ্য প্রবেশ অনেকাংশে নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।


বিবার্তা/মোস্তাফিজুর/এসএম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com