
বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা ও আনন্দ ভাগাভাগি করে নিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ (জেসিএমএস) বিভাগে উদযাপিত হলো বর্ণিল ‘জার্সি ডে’।
রবিবার (২১ জুন) সকাল ১১টা ১৫ মিনিটে বিভাগ প্রাঙ্গণ থেকে শুরু হয় এ আয়োজন। বিভাগের বিভিন্ন সেমিস্টারের শিক্ষার্থীরা নিজেদের প্রিয় দলের জার্সি গায়ে ও হাতে পতাকা নিয়ে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, ফ্রান্সসহ নানা দলের সমর্থকদের প্রাণবন্ত উপস্থিতিতে পুরো বিভাগ উৎসবমুখর হয়ে ওঠে।
শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দৃষ্টিনন্দন স্পটে দলবদ্ধ ফটোশুটে অংশ নেন।ফটোশুটের ফাঁকে ফাঁকে চলে প্রিয় দলের পক্ষে স্লোগান ও তর্ক-বিতর্ক।নিজেদের সমর্থিত দল কেন এবারের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে।সে বিষয়ে যুক্তি আর আবেগ মিশিয়ে মতামত তুলে ধরেন সবাই।
এ প্রসঙ্গে চতুর্থ সেমিস্টারের শিক্ষার্থী জিসদান জুলকারনাইন বলেন,বিশ্বকাপকে ঘিরে সবার অংশগ্রহণে আয়োজিত এই ‘জার্সি ডে’ আমাদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক বন্ধন আরও দৃঢ় করবে বলে আমি বিশ্বাস করি।
শিক্ষার্থীদের এই ব্যতিক্রমী উদ্যোগ সমন্বয় করেন বিভাগের শিক্ষক মো. সাজ্জাদ হোসেন এবং মুহাম্মদ রাকিব হোসাইন। তারা বলেন, “বিশ্বকাপ শুধু একটি খেলা নয়, এটি বিশ্বব্যাপী মানুষের আবেগ ও সংস্কৃতির একটি বড় অংশ। শিক্ষার্থীদের এমন আয়োজনে পাশে থাকতে পেরে আমরা আনন্দিত।”
বিশ্বকাপের আবহে জেসিএমএস বিভাগের এই আয়োজন শিক্ষার্থীদের মধ্যে দলীয় বিভেদ ভুলে বন্ধুত্ব ও ভ্রাতৃত্ববোধ জাগিয়ে তুলেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিবার্তা/মোস্তাফিজুর/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]