
রাজশাহী নগরীর প্রাণকেন্দ্র সাহেববাজার স্বর্ণপট্টিতে পরিকল্পিত দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৯ জুন) গভীর রাতে দুর্বৃত্তরা কৌশলে কারুশ্রী জুয়েলার্সে ঢুকে প্রায় আড়াই থেকে তিনশো ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে দোকান খুলতে এসে প্রথম ডাকাতির বিষয়টি টের পান কারুশ্রী জুয়েলার্সের মালিক তূর্য সরকার। দোকানের ভেতর সবকিছু এলোমেলো অবস্থায় পড়ে থাকতে দেখেন তিনি।
প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, দুর্বৃত্তরা প্রথমে পাশের আফিয়া জুয়েলার্সের তালা ভেঙে ভেতরে ঢোকে। এরপর দুই দোকানের মধ্যবর্তী পার্টিশন দেয়াল কেটে কারুশ্রী জুয়েলার্সে প্রবেশ করে। সেখানে সিন্ধুক ভেঙে সব স্বর্ণালংকার লুট করে পালানোর সময় আবার আফিয়া জুয়েলার্সে তালা লাগিয়ে যায়, যাতে বাইরে থেকে সন্দেহ না হয়।
ঘটনা জানাজানি হলে স্বর্ণপট্টির ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে তারা সব দোকান বন্ধ করে প্রতিবাদ জানান। ব্যবসায়ীদের ধারণা, এটি সংঘবদ্ধ চক্রের কাজ। দোকানের ভেতরের বিন্যাস ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে আগে থেকেই চক্রটির স্পষ্ট ধারণা ছিল।
দুপুরে রাজশাহী জুয়েলার্স সমিতির উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। সমিতির পক্ষ থেকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বলা হয়েছে, লুট হওয়া স্বর্ণালংকার উদ্ধার না হওয়া পর্যন্ত স্বর্ণপট্টির সব দোকান বন্ধ থাকবে। নিরাপত্তা ব্যবস্থা জোরদারেরও দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।
বোয়ালিয়া থানার ওসি রবিউল ইসলাম জানান, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। এটি সংঘবদ্ধ চক্রের কাজ কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে জড়িতদের আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে পুলিশ।
স্থানীয়দের ধারণা, দীর্ঘদিন পর্যবেক্ষণের পরই চক্রটি এই ডাকাতির পরিকল্পনা বাস্তবায়ন করেছে। তবে পুলিশ এখনো এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য দেয়নি।
বিবার্তা/মোস্তাফিজুর/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]