
রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের নবঘোষিত আংশিক কমিটিকে কেন্দ্র করে সংগঠনের নেতাকর্মীদের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। কমিটি প্রত্যাখ্যান করে শুক্রবার (১৯ জুন) বিকেলে বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ ও টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করেছেন সংগঠনের একটি বড় অংশ। এ সময় কমিটির সমর্থক ও বিরোধী পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে।
গত বৃহস্পতিবার ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরে সিটি কলেজ শাখার ৯ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে আবু সাঈদ হাসানকে আহ্বায়ক এবং শামানুল হক হৃদয়কে সদস্য সচিব করা হয়েছে।
কমিটি ঘোষণার পরপরই সংগঠনের একটি অংশ ক্ষোভ প্রকাশ করে। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকেলে বিক্ষুব্ধ নেতাকর্মীরা কলেজ ক্যাম্পাস ও আশপাশের এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ মিছিল বের করেন। তারা কলেজের সামনের সড়ক অবরোধ করেন এবং সড়কের পাশে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানান। এক পর্যায়ে নবগঠিত কমিটির সমর্থকদের সঙ্গে বিরোধীদের বাকবিতণ্ডা ও হাতাহাতি শুরু হয়।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উভয় পক্ষকে শান্ত করে সরিয়ে দেওয়া হয়। তবে এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে।
বিক্ষোভকারী নেতাকর্মীদের অভিযোগ, ঘোষিত কমিটিতে বিতর্কিত ও অযোগ্য ব্যক্তিদের স্থান দেওয়া হয়েছে। তাদের দাবি, কমিটিতে ‘টিকটকার, চাঁদাবাজ ও মাদকসেবীদের’ অন্তর্ভুক্ত করা হয়েছে। এ কারণে তারা নবঘোষিত কমিটিকে ‘পকেট কমিটি’ আখ্যা দিয়ে অবিলম্বে তা বাতিল করে যোগ্যদের নিয়ে নতুন কমিটি গঠনের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বা কেন্দ্রীয় ছাত্রদলের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
বিবার্তা/মোস্তাফিজুর/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]