
রাজশাহী মহানগরীর রাজপাড়া এলাকায় অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু হয়েছে। শরীরে আঘাতের চিহ্ন থাকায় মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। পুলিশ বলছে, এটি হত্যাকাণ্ড কিনা তা নিশ্চিত হতে ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় আছেন তারা।
হাসপাতাল ও পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যায় রাজপাড়া থানাধীন চারু মামার ক্যান্টিনের সামনে ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে রাজশাহী নার্সিং কলেজের কয়েকজন শিক্ষার্থী তাকে উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।
এদিন রাত ৮টা ১৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে জানান, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। অর্থাৎ ‘Brought Dead’।
শরীরে আঘাতের চিহ্ন, বাড়ছে রহস্য হাসপাতালের এক ট্রলি ম্যান নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, মৃত ব্যক্তির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে তার কাছে মনে হয়েছে। তবে এটি চিকিৎসকদের আনুষ্ঠানিক মতামত নয়।
এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বা পুলিশের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
রাজপাড়া থানা পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ রামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ, প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলা এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে।
পুলিশ জানায়, মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে ময়নাতদন্তের প্রতিবেদন অত্যন্ত গুরুত্বপূর্ণ। একইসঙ্গে নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পরই মৃত্যু স্বাভাবিক না হত্যাকাণ্ড তা নিশ্চিত হওয়া যাবে।
বিবার্তা/মোস্তাফিজুর/এসএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]