
পাবনা সদর উপজেলায় নবম শ্রেণির এক কিশোরীকে ধর্ষণ ও হত্যাকাণ্ডের জেরে আসামিদের বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়েছে।
নিহতরা সবাই প্রতিবেশী এবং আগুন লাগার পর সেখানে জড়ো হওয়া উৎসুক জনতা ছিলেন।
মঙ্গলবার (৯ জুন) সকালে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়। এর আগে গতকাল সোমবার (৮ জুন) বিকেলে একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন- পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের পূর্ব রাঘবপুর এলাকার তজির উদ্দিন শেখের ছেলে সুমন শেখ, পার্শ্ববর্তী নতুন পাড়া এলাকার শকুর হোসেনের ছেলে সাইফুল ইসলাম সাব্বির এবং একই এলাকার ইউসুফের ছেলে সাপু।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার (৩ জুন) বিকেলে পাবনার ভাঁড়ারা ইউনিয়নের পিরপুরে পদ্মা নদী থেকে রিয়া খাতুন (১৫) নামের ওই কিশোরীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার করা হয়। পরের দিন বৃহস্পতিবার (৪ জুন) তার মরদেহ দাফন করা হয়। দাফন সম্পন্ন হওয়ার পরপরই উত্তেজিত জনতা ক্ষোভে ফেটে পড়ে এবং অভিযুক্ত আসামিদের বাড়িঘরে আগুন ধরিয়ে দেয়।
অগ্নিসংযোগের একপর্যায়ে আসামিদের বাড়ির ভেতরে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে আশপাশে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকজন প্রতিবেশী ও উৎসুক জনতা মারাত্মকভাবে দগ্ধ হন। ঘটনার সময় আসামিপক্ষের কোনো লোক বাড়িতে ছিলেন না। পরে স্থানীয় লোকজন দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের দ্রুত ঢাকায় পাঠানো হয়েছিল।
ভাঁড়ারা ইউনিয়ন পরিষদ ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত রিয়া খাতুন স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল। তাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় রিয়ার কথিত প্রেমিক নাইমসহ তিনজনকে ইতোমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের পর আসামিরা রিয়াকে গণধর্ষণ ও শ্বাসরোধ করে হত্যার কথা পুলিশের কাছে স্বীকার করেছে বলে জানা গেছে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, 'ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় দগ্ধ তিনজনের মৃত্যু হয়েছে। গতকাল একজন এবং আজ সকালে দুজনের মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। অগ্নিকাণ্ড ও মৃত্যুর এই ঘটনার বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।'
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]