
ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক বাংলাদেশে জোরপূর্বক মানুষ ঠেলে দেওয়ার (পুশ-ইন) আশঙ্কার প্রেক্ষাপটে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। সীমান্তে অনুপ্রবেশের যেকোনো প্রচেষ্টা প্রতিহত করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর পাশাপাশি দায়িত্বে যুক্ত হয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার-ভিডিপি)।
শনিবার (৬ জুন) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শুক্রবার (৫ জুন) থেকে জেলার গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর সীমান্ত এলাকাগুলোতে অস্থায়ী ভিত্তিতে আনসার-ভিডিপি সদস্যদের মোতায়েন করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে স্থানীয় এলাকার ভূপ্রকৃতি ও সীমান্ত পরিস্থিতি সম্পর্কে অভিজ্ঞ ৩৩ জন দক্ষ আনসার ও ভিডিপি সদস্যকে বিজিবির সঙ্গে সরাসরি দায়িত্ব পালন করতে নিয়োজিত করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা চোরাপথ, চলাচলের রুট এবং স্থানীয় পরিস্থিতি সম্পর্কে অধিক অবগত থাকায় তাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ফলে সীমান্তে কোনো ধরনের সন্দেহজনক গতিবিধি কিংবা অনুপ্রবেশের চেষ্টা দেখা দিলে দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হবে।
মো. আশিকউজ্জামান বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির সহায়ক শক্তি হিসেবে আনসার-ভিডিপি সদস্যরা দায়িত্ব পালন করবেন। যেকোনো জরুরি পরিস্থিতিতে তারা তাৎক্ষণিকভাবে সাড়া দিয়ে সীমান্তে নিরাপত্তা কার্যক্রমকে আরও কার্যকর করবেন।
সীমান্তে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সমন্বিত এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। নিরাপত্তা জোরদারের মাধ্যমে সীমান্ত এলাকায় অনুপ্রবেশ ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে ইতিবাচক ফল আসবে বলেও আশা করা হচ্ছে।
বিবার্তা/লিটন/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]