
রাজশাহীর দুর্গাপুর থানা এলাকায় চাঞ্চল্যকর চুরির ঘটনায় মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই ১২ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. মাহফুজ আহম্মেদ (৩২)। তিনি দুর্গাপুর উপজেলার গোপীনাথপুর খাঁস খামার গ্রামের বাসিন্দা।
মামলার বাদী মো. জাহাঙ্গীর আলম স্থানীয় বখতিয়ারপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক। পাশাপাশি তিনি মাছ চাষের ব্যবসার সঙ্গেও জড়িত। গত মঙ্গলবার (১২ মে) দুপুরে তিনি দুর্গাপুর জনতা ব্যাংক শাখা থেকে নিজের হিসাব থেকে ১২ লাখ টাকা উত্তোলন করেন।
পরে তিনি ওই টাকা নিজের বাড়ির নিচতলার গ্যারেজে রাখা ব্যক্তিগত গাড়ির ভেতরে রেখে উপরের তলায় যান। এ সময় বাড়ির নির্মাণকাজ চলছিল। কিছুক্ষণ পর নিচে নেমে এসে তিনি দেখতে পান গাড়ির বাম পাশের গ্লাস ভাঙা এবং ভেতরে রাখা টাকাগুলো নেই।
ঘটনার পর ভুক্তভোগী দুর্গাপুর থানায় মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে অভিযান শুরু করে পুলিশ। পরে বুধবার (১৩ মে) রাত ১টা ৫ মিনিটের দিকে শ্রীধরপুর গ্রামের পাশের পাচুবাড়ি বাজার এলাকা থেকে মাহফুজ আহম্মেদকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী বাদীর বাড়ির সিঁড়ির নিচে সিমেন্টের বস্তার ভেতরে রাখা একটি শপিং ব্যাগ থেকে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার করা হয়।
দুর্গাপুর থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিবার্তা/মোস্তাফিজুর/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]