রাজশাহীতে হাম-রুবেলা টিকাদান লক্ষ্যমাত্রা ছাড়াল
প্রকাশ : ১০ মে ২০২৬, ০০:১২
রাজশাহীতে হাম-রুবেলা টিকাদান লক্ষ্যমাত্রা ছাড়াল
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জাতীয় হাম-রুবেলা ক্যাম্পেইন-২০২৬ এ রাজশাহী জেলায় টিকাদানের লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে। জেলার ৯টি উপজেলায় সার্বিক কভারেজ দাঁড়িয়েছে ১ শত ৪৪ শতাংশ।


বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও স্বাস্থ্য অধিদপ্তরের যৌথ প্রতিবেদন অনুযায়ী, ২৫ এপ্রিল থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইনে ৭ মে পর্যন্ত জেলায় ২ লাখ ৩ হাজার ৪০ জন শিশুকে টিকা দেওয়া হয়েছে। যেখানে মোট লক্ষ্যমাত্রা ছিল ২ লাখ ২ হাজার ১৬০ জন।


উপজেলাভিত্তিক কভারেজের দিক থেকে তানোর উপজেলা শীর্ষে রয়েছে। এই উপজেলায় ১০৬.২৯ শতাংশ শিশু টিকা পেয়েছে। লক্ষ্যমাত্রা ১৭ হাজার ২৭৪ জনের বিপরীতে টিকা পেয়েছে ১৮ হাজার ৩৬০ জন।


এছাড়া বাঘমারায় ১০০.১৭ শতাংশ, বাঘায় ১০০.০১ শতাংশ, গোদাগাড়ী পৌরসভায় ১০০.০৫ শতাংশ এবং মোহনপুরে ১০০.২৪ শতাংশ কভারেজ অর্জিত হয়েছে। পবা উপজেলায় ৯৯.৮৭ শতাংশ, চারঘাটে ৯৯.৯৪ শতাংশ এবং দুর্গাপুরে ৯৮.৭০ শতাংশ শিশু টিকার আওতায় এসেছে।
টিকাদান পরবর্তী সময়ে জেলায় কোনো গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়ার ঘটনা ঘটেনি। মৃদু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে মাত্র ৩ জনের ক্ষেত্রে।


অন্যদিকে, ৭ মে বিকাল ৫টা পর্যন্ত জেলায় হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। গত ২৪ ঘণ্টায় শুধু গোদাগাড়ীতে ১ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। জেলায় অধ্যাবধি মোট ২১ জন হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে গোদাগাড়ীতে সর্বোচ্চ ১০ জন, বাঘা, বাঘমারা, চারঘাট ও পবায় ২ জন করে এবং মোহনপুর ও তানোরে ১ জন করে রোগী রয়েছে। জেলায় এখন পর্যন্ত হামে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।


জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ১০ মে ক্যাম্পেইনের শেষ দিন। বাদপড়া শিশুদের টিকার আওতায় আনতে মাঠ পর্যায়ে কাজ চলছে। ৬ মাস থেকে ৫ বছরের নিচের কোনো শিশু টিকা না পেয়ে থাকলে নিকটস্থ টিকাদান কেন্দ্রে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।


স্বাস্থ্যকর্মী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় এই সাফল্য এসেছে বলে জানান সংশ্লিষ্টরা।


বিবার্তা/মোস্তাফিজুর/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com