
বগুড়া সদর উপজেলায় নবজাতক সন্তানকে হত্যার পর মরদেহ পুকুরে ফেলে দেওয়ার অভিযোগে মা ও তার বর্তমান স্বামীকে আটক করেছে সদর থানা পুলিশ।
ঘটনাটি ঘটেছে বগুড়া সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়নের তেলিহারা উত্তরপাগক গ্রামে । স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সদরের নারুলী এলাকার শুকুর আলীর সঙ্গে প্রায় এক বছর আগে গাবতলী উপজেলার নিপার বিয়ে হয়। দাম্পত্য কলহের কারণে প্রায় ছয় মাস আগে তাদের বিচ্ছেদ ঘটে। পরে চলতি বছরের রমজান মাসে নিপা শেখেরকোলা ইউনিয়নের তেলিহারা উত্তরপাড়া গ্রামের নুর আলমের ছেলে দুলাল নামে এক ব্যক্তিকে বিয়ে করে।
অভিযোগ অনুযায়ী, শুক্রবার (৮ মে) রাতে নিপা একটি ছেলে সন্তান প্রসব করেন। সন্তানটি আগের স্বামীর হওয়ায় লোকলজ্জার ভয়ে নবজাতক শিশুটির গলায় ব্লেড চালিয়ে হত্যা করা হয় বলে দাবি করা হয়েছে। পরে নবজাতকের মরদেহ বাড়ির পাশের একটি পুকুরে ফেলে দেওয়া হয়।
শনিবার (৯ মে) সকালে বিষয়টি জানাজানি হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বগুড়া সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিপা ও তার বর্তমান স্বামী দুলালকে আটক করে থানায় নিয়ে যায়। স্থানীয়রা এই ঘটনাকে অত্যন্ত নৃশংস উল্লেখ করে বলেন, এমন ঘটনা এলাকায় আগে কখনও ঘটেনি। নবজাতককে হত্যায় এলাকায় এখন শোক ও ক্ষোভ বিরাজ করছে।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) ইব্রাহিম হোসেন জানান, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হবে। নবজাতকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।
বিবার্তা/সাজু/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]