রাস্তা পার হতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর, ২ ডাম্প ট্রাক পোড়াল জনতা
প্রকাশ : ০৫ মে ২০২৬, ১২:০৩
রাস্তা পার হতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর, ২ ডাম্প ট্রাক পোড়াল জনতা
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজশাহীর পুঠিয়ায় সড়ক পারাপারের সময় ডাম্প ট্রাকের ধাক্কায় এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। পরে সড়ক অবরোধ করে দুটি ডাম্প ট্রাকে অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ স্থানীয়রা।


মঙ্গলবার (৫ মে) সকাল ৭টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের পুঠিয়ার বিড়ালদহ মাজারের সামনে এ ঘটনা ঘটে বলে গণমাধ্যমকে জানিয়েছেন পুঠিয়া থানার ওসি ফরিদুল ইসলাম।


নিহত আকরামের (৬০) বাড়ি রাজশাহীর সরদহ থানাপাড়া এলাকায়। তিনি পেশায় দর্জি ছিলেন, বিড়ালদহ মাজার সংলগ্ন এলাকায় তার একটি টেইলার্সের দোকান রয়েছে।


ওসি ফরিদুল ইসলাম বলেন, সকালে নাশতা শেষে রাস্তা পার হচ্ছিলেন আকরাম। এ সময় নাটোরগামী বালুবাহী দুটি ডাম্প ট্রাক দ্রুতগতিতে যাচ্ছিল। এর মধ্যে একটি ট্রাক আকরামকে চাপা দিয়ে বেশ কিছু দূর পর্যন্ত হিঁচড়ে টেনে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


দুর্ঘটনার পরপরই ক্ষোভে স্থানীয় লোকজন মহাসড়ক অবরোধ করে এবং দুটি ডাম্প ট্রাক আটকে সেগুলোতে আগুন ধরিয়ে দেয়। ফলে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।


ওসি আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে উত্তেজিত জনতা। এ সময় হাইওয়ে পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়।


পরে স্থানীয়দের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করা হয় বলে জানান তিনি।


ফায়ার সার্ভিসের রাজশাহী বিভাগের উপসহকারী পরিচালক ফরহাদ হোসেন বলেন, বিক্ষুব্ধ মানুষের কারণে শুরুতে ঘটনাস্থলে যেতে তারা শঙ্কা বোধ করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় ট্রাক দুটির আগুন নিয়ন্ত্রণে আনা হয়।


বিবার্তা/লিটন/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com