
রাজশাহীর দুর্গাপুর উপজেলার ৫ নং ঝালুকা ইউনিয়নের গৌরিহার পশ্চিমপাড়ায় অবৈধভাবে পুকুর খনন ও বাণিজ্যিক উদ্দেশ্যে কাকড়া গাড়িতে মাটি পরিবহনের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (৪ মে) রাত ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে ঘটনাস্থল থেকে দুইটি কাকড়া গাড়িকে হাতেনাতে মাটি পরিবহনরত অবস্থায় পাওয়া যায়।
এ সময় আশিক নামের এক ব্যক্তিকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। অভিযানকালে মাটি খননের কাজে ব্যবহৃত একটি ভেকু মেশিন ও দুইটি ব্যাটারি তাৎক্ষণিকভাবে নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে। জব্দকৃত কাকড়া গাড়ি দুটি উপজেলা প্রশাসনের হেফাজতে নেওয়া হয়েছে।
আটকব্যক্তির বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারা এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ৫ ধারা লঙ্ঘনের দায়ে ১৫ ধারায় মামলা রুজু করা হয়।
ভ্রাম্যমাণ আদালত অভিযুক্তকে এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে ত্রিশ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার বলেন, কৃষিজমির উর্বর মাটি রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রশাসন কাজ করছে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, এলাকাবাসীকে সচেতন থাকতে এবং কোথাও অবৈধভাবে মাটি কাটা দেখলে তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসনকে জানাতে অনুরোধ করা হয়েছে।
বিবার্তা/মোস্তাফিজুর/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]