
আগামী বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে রাজশাহী মহানগরীর ড্রেনের আবর্জনা অপসারণ কার্যক্রম জোরদার করা হয়েছে।
শনিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সরেজমিনে এই কার্যক্রম পরিদর্শন ও তদারকি করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
পরিদর্শনকালে রাসিক প্রশাসক প্রথমে বর্ণালীর ঢালান রেল ক্রসিং এলাকায় বড় এক্সাভেটর দিয়ে প্রাইমারি ড্রেনের কাদামাটি উত্তোলন কাজ দেখেন। এরপর তিনি মুথুরডাঙ্গার মোড়ে শ্রমিকদের মাধ্যমে সেকেন্ডারি ড্রেন থেকে কাদামাটি অপসারণ, সিটি হাট এলাকায় মেডিকেল ওয়েস্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট, ২ নম্বর ওয়ার্ডের আশ্রয়ন প্রকল্পে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট এবং ৬ নম্বর ওয়ার্ডে আপেল ডেকোরেটর মোড় এলাকায় ছোট এক্সাভেটর দিয়ে ড্রেন পরিষ্কারের কাজ সরেজমিন পরিদর্শন করেন।
পরিদর্শনকালে মো. মাহফুজুর রহমান রিটন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নাগরিক সেবা সুনিশ্চিত করতে আমাদের দায়িত্ব দিয়েছেন। তাঁর নির্দেশনা মোতাবেক নগরীর উন্নয়ন ও নাগরিক সেবা সুনিশ্চিত করতে দিনরাত কাজ করে যাচ্ছি।”
জলাবদ্ধতা রোধ প্রসঙ্গে তিনি জানান, এক্সাভেটর ও শ্রমিকদের মাধ্যমে প্রাইমারি-সেকেন্ডারি ড্রেনের কাদামাটি উত্তোলন করা হচ্ছে। প্রয়োজনে রাতেও এই কাজ চলবে।”
নগরবাসীর উদ্দেশে তিনি বলেন, “আমরা নাগরিকদের কল্যাণে কাজ করছি, তবে নাগরিকদেরও সচেতন হতে হবে। ড্রেনে ময়লা-আবর্জনা ফেলা বন্ধ করতে হবে।”
এ সময় রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জুসহ পরিচ্ছন্ন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাসিক প্রশাসক সংশ্লিষ্ট কর্মকর্তাদের বর্ষা মৌসুমের পূর্বেই ড্রেনেজ ব্যবস্থা সম্পূর্ণ সচল রাখতে দ্রুত কাজ সম্পন্ন করার নির্দেশনা দেন।
বিবার্তা/মোস্তাফিজুর/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]