
রাজশাহীর তানোরে প্রশাসনের নির্দেশ লঙ্ঘন এবং পরিবেশ দূষণ ও জীববৈচিত্র্য হুমকিতে ফেলে রাতের আঁধারে অবৈধভাবে জোরপুর্বক পুকুর ভরাট করা হচ্ছে। উপজেলার মুন্ডুমালা পৌর এলাকার ময়েনপুর মহল্লায় ৩ বিঘা আয়তনের এই পুকুর ভরাট করা হচ্ছে।
জানা গেছে, রাজশাহীর তানোরের মুন্ডুমালা পৌর এলাকার ময়েনপুর মৌজায়, ২৮২ নম্বর খতিয়ানে ১৭১৯ দাগের ৩ বিঘা আয়তনের পুকুর রয়েছে। ময়েনপুর মহল্লার বাসিন্দা ঝাটু শেখের পুত্র সেন্টু শেখ দিগর এই পুকুর ভরাট করছে। সেন্টুর এক ভাই পুলিশের উপ-পরিদর্শক (এসআই) তার ক্ষমতার দাপট দেখিয়ে তারা পুকুর ভরাট করছে। পুকুর ভরাটে বাধা দেয়ায় ওই দারোগা গ্রামবাসীকে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করছেন।
এঘটনায় গত ২৮ এপ্রিল তাজিমুল ইসলাম বাদি হয়ে সেন্টুসহ ৩ জনকে বিবাদী করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন। কিন্তু তারপরও তারা পুকুর ভরাট অব্যাহত রেখেছে। ভুক্তভোগীরা রাজশাহী জেলা প্রশাসকের (ডিসি) জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এদিকে লিখিত অভিযোগে বলা হয়েছে, ক্রয় ও ওয়ারিশসূত্রে প্রাপ্ত হয়ে ওই পুকুর দীর্ঘদিন যাবত শান্তিপূর্ণভাবে তাজিমুলের পরিবার ভোগদখল করে আসছেন। কিন্তু বিবাদীগণ গত ১০ এপ্রিল থেকে বেআইনিভাবে ও জোরপূর্বক তাদের দখলীয় পুকুরে বাইরে থেকে গাড়ি করে মাটি নিয়ে এসে ভরাট করছে। তারা বাধা দিতে গেলে সেন্টুর বাহিনী তাদের হত্যার হুমকি দিচ্ছে। অন্যদিকে পুকুর ভরাটে অভিনব কৌশল অবলম্বন করা হয়েছে। প্রশাসনের চোখ ফাঁকি দিতে একেবারে পুকুর ভরাট না করে দু'একদিন পর পর রাঁতের আঁধারে পুকুরে মাটি ফেলা হচ্ছে। গোদাগাড়ী উপজেলার পাকড়ি ইউনিয়ন (ইউপি) থেকে মাটি নিয়ে আসছে। আর ট্রাক্টরে এসব মাটি পরিবহণ করতে গিয়ে এলাকার পাকা-কাচা রাস্তা নষ্ট ও পরিবেশ দূষণ করা হয়।
বিবার্তা/মোস্তাফিজুর/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]