
নাটোরের সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নে ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচির আওতায় বরাদ্দকৃত চাল আত্মসাতের ঘটনায় তদন্তে প্রমাণ পাওয়ার পর ২৪৭ জন হতদরিদ্র নারীকে দ্বিগুণ অর্থ ফেরত দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মার্চ মাসে ভিডব্লিউবি কর্মসূচির আওতায় ২৪৭ জন সুবিধাভোগী নারীর জন্য বরাদ্দকৃত চাল উপজেলা খাদ্য গুদাম থেকে উত্তোলন করা হয়। তবে অভিযোগ ওঠে, ওই চাল বিতরণ না করে বিক্রি করে দেওয়া হয়েছে। পরে গঠিত তদন্ত কমিটি অভিযোগের সত্যতা পায়।
ভিডব্লিউবি কর্মসূচি বাস্তবায়ন নির্দেশিকা ২০১১-এর ৯ নম্বর ধারা
অনুযায়ী আত্মসাৎকৃত মালামালের দ্বিগুণ মূল্য আদায়ের বিধান রয়েছে। সেই অনুযায়ী প্রতি মেট্রিক টন চালের অর্থনৈতিক মূল্য ৫৭,০৭৩.৫০৬ টাকা ধরে হিসাব করে দ্বিগুণ অর্থ আদায় করা হয়।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে সুকাশ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ওই অর্থ বিতরণ করা হয়। এসময় ২৪৭ জন কার্ডধারী নারী প্রত্যেকে ৩,৪২৫ টাকা করে পান। মোট বিতরণকৃত অর্থের পরিমাণ দাঁড়ায় ৮ লাখ ৪৫ হাজার ৯৭৫ টাকা।
অর্থ বিতরণে উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুমি খাতুন, ইউনিয়ন পরিষদের সচিব, ইউপি সদস্যবৃন্দসহ সুবিধাভোগীরা।
সুকাশ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহরাব হোসেন বলেন, আমাকে ভুল বুঝিয়ে একটি মহল ষড়যন্ত্র করেছিল। পরে বিষয়টি বুঝতে পেরে ২৪৭ জন হতদরিদ্রের দ্বিগুণ অর্থ এবং তাদের জমাকৃত সঞ্চয়ের টাকা ফেরত দেওয়া হয়েছে।
এ বিষয়ে ইউএনও আব্দুল্লাহ আল রিফাত বলেন, মার্চ মাসের বরাদ্দকৃত মালামালের দ্বিগুণ মূল্য হিসেবে ২৪৭ জন কার্ডধারী নারীকে জন প্রতি ৩ হাজার ৪২৫ টাকা করে প্রদান করা হয়েছে।
বিবার্তা/রাজু/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]