
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে চাতরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং প্রকল্পের খাবার খেয়ে ৫ শিশু অসুস্থ হয়ে পড়েছে। এছাড়াও খাবার খেয়ে অস্বস্তিবোধ ও বমি বমি ভাব হয়েছে আরও ২৫ থেকে ৩০ শিক্ষার্থীর।
শনিবার (২৫ এপ্রিল) সকালে উপজেলার চককীতি ইউনিয়নের চাতরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক মেফতাহুদ্দোলা বলেন, প্রতিদিনের ন্যায় স্কুলে শিক্ষার্থীদের জন্য খাবার সরবরাহ করে বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম (গাক)। তারা বনরুটি ও সিদ্ধ ডিম সরবরাহ করে থাকে। আজ তাদের সরবরাহকৃত খাবার খেয়ে ৪ থেকে ৫ জন শিশু গুরুতর অসুস্থ হয় এবং ২৫ থেকে ৩০ জন শিক্ষার্থীর বমি বমি ভাব হয়। বর্তমানে শিক্ষার্থীরা সুস্থ আছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানোনোর পর ইউএনও ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এসেছিলেন। তারা অসুস্থ শিক্ষার্থীদের খোঁজখবর নিয়েছেন এবং খাবারের নমুনা সংগ্রহ করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম বলেন, ঘটনা শোনার পরে বিদ্যালয়টি পরিদর্শন করেছি এবং শিক্ষার্থীদের খোঁজ নিয়েছি। গাক’র সরবরাহ করা খাবার পরীক্ষা করার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে এবং তা টেস্টের জন্য পাঠানো হয়েছে। পরীক্ষার প্রতিবেদন না আসা পর্যন্ত তাদের খাবার সরবরাহ বন্ধ রাখতে বলা হয়েছে। এছাড়াও অধিদপ্তরকে জানানো হয়েছে, তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
প্রসঙ্গত, এর আগে গত বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শঙ্করবাটি-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গাক’র সরবরাহ খাবার খেয়েও প্রায় ২০ জন শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনা ঘটে।
বিবার্তা/লিটন/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]