রাজশাহীতে চুরি হওয়া শিশু আশুলিয়ায় উদ্ধার, নারী গ্রেফতার
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ২৩:১৪
রাজশাহীতে চুরি হওয়া শিশু আশুলিয়ায় উদ্ধার, নারী গ্রেফতার
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজশাহীর বাগমারা থেকে চুরি হওয়া সাত মাসের শিশু জুবাইদা আক্তারকে এক দিন পর ঢাকার আশুলিয়া থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় প্রতিবেশী শিউলি বেগম (৩৫) নামের এক নারীকে গ্রেফতার করা হয়েছে।


পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত ৯টার দিকে আশুলিয়ার একটি বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। চুরি হওয়া শিশু জুবাইদা আক্তার বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার দানগাছি গ্রামের জাহিদ হাসানের একমাত্র মেয়ে। গ্রেফতার শিউলি বেগম একই গ্রামের বিদ্যুৎ হোসেনের স্ত্রী।


এর আগে বুধবার শিউলি বেগম প্রতিবেশীর ওই শিশুকে নিয়ে পালিয়ে যান। এ ঘটনায় শিশুটির বাবা জাহিদ হাসান বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।


পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার পর থেকেই প্রযুক্তির সহায়তায় অভিযুক্তকে শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা শুরু হয়। তদন্তের এক পর্যায়ে বাগমারা থানার উপপরিদর্শক (এসআই) শিহাব উদ্দিন আশুলিয়ায় অভিযান পরিচালনা করেন। এ সময় শিশুটির বাবাসহ স্বজনেরাও সঙ্গে ছিলেন। গ্রেফতার এড়াতে শিউলি বেগম বারবার অবস্থান পরিবর্তন করলেও শেষ পর্যন্ত সন্ধ্যার পর তাকে আটক করা হয় এবং শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়।


এ বিষয়ে শুক্রবার (২৪ এপ্রিল) সকালে এসআই শিহাব উদ্দিন বলেন, শিশুটিকে উদ্ধার ও অভিযুক্তকে গ্রেফতার করতে বেশ বেগ পেতে হয়েছে। পরে রাত সাড়ে তিনটার দিকে শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাবেন জেলা পুলিশ সুপার।


স্থানীয় সূত্রে জানা যায়, শিউলি বেগমের দুই সন্তান রয়েছে- তাদের বয়স ১০ ও ৫ বছর। তিনি ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করতেন। প্রায় দেড় মাস আগে দুই সন্তানকে নিয়ে স্বামীর বাড়ি দানগাছিতে আসেন। তাঁর স্বামী বর্তমানে ঢাকায় অবস্থান করছেন।


বিবার্তা/মোস্তাফিজুর/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com