তেল নিতে পাম্পে লাইনে দাঁড়িয়ে ‘হিটস্ট্রোকে’ বৃদ্ধের মৃত্যু
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ২১:২০
তেল নিতে পাম্পে লাইনে দাঁড়িয়ে ‘হিটস্ট্রোকে’ বৃদ্ধের মৃত্যু
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজশাহীর মোহনপুর উপজেলায় তীব্র দাবদাহের মধ্যে পাম্পে তেল নিতে গিয়ে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকা এক বৃদ্ধ ‘হিটস্ট্রোকে’ মারা গেছেন।


বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার কেশরহাট ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহিমা বিনতে আখতার।


মৃত আব্দুল আলাম ওরফে আলাউদ্দিন (৬০) কেশরহাট পৌর এলাকার বাকশৈল গ্রামের নাসের আলীর ছেলে।


তিন দিন ধরে রাজশাহীর উপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বুধবার রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে; যা চলতি মৌসুমে সর্বোচ্চ বলে জানিয়েছে আবহাওয়া অফিস।


প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে প্রখর রোদের মাঝে পাম্পে তেল নেওয়ার জন্য দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে ছিলেন আলাউদ্দিন। এক পর্যায়ে তিনি অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান। উপস্থিত লোকজন তাৎক্ষণিক তাকে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন ইউএনও ফাহিমা বিনতে আখতার। তিনি বলেন, “খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে জানতে পেরেছি ওই ব্যক্তি হিটস্ট্রোকেই মারা গেছেন। মৃতের পরিবার যদি সরকারি সহায়তা বা ক্ষতিপূরণের জন্য আবেদন করে, তবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সাহায্য করা হবে।”


মোহনপুর থানার ওসি মিজানুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ নিহতের বাড়িতে গিয়ে ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করেছে। পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com