
মব সৃষ্টি করে হামলার প্রতিবাদে ও সঠিক কর্মপরিবেশের দাবিতে ২৪ ঘণ্টার কর্মবিরতি পালন করছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। মঙ্গলবার সকাল ৯টা থেকে এ কর্মবিরতি শুরু করেন তারা। হামলার প্রতিবাদে হাসপাতালের জরুরি বিভাগের সামনে মানববন্ধনও করেন তারা।
মানববন্ধনে ইন্টার্ন চিকিৎসকরা জানান, গত রোববার রাতে হাসপাতালের ১৩ নম্বর ওয়ার্ডে দুইজন পুরুষ ইন্টার্ন চিকিৎসককে মবসৃষ্টি করে হেনস্তা করা হয়। এছাড়া সোমবার সন্ধ্যায় ৩৬ নম্বর ওয়ার্ডে একজন নারী ইন্টার্ন চিকিৎসকককে মবসৃষ্টি করে হেনস্তা করা হয়।
এর প্রতিবাদে ২৪ ঘণ্টার কর্মবিরতি পালন করা হচ্ছে। ইন্টার্ন চিকিৎসকদের জন্য সঠিক কর্মপরিবেশ এবং হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে এ কর্মবিরতি পালন করা হচ্ছে।
ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতি তানভীর আহমেদ তৌকির জানান, হাসপাতালের ধারণক্ষমতার কয়েকগুণ বেশি রোগীদের সেবা দিতে ইন্টার্ন চিকিৎসকরা ১২ থেকে ১৪ ঘণ্টা ডিউটি করেন। কিন্তু হাসপাতালে চিকিৎসা দিতে গিয়ে বারবার হামলার শিকার হন তারা। এর প্রতিবাদে ২৪ ঘণ্টার কর্মবিরতি পালন করা হচ্ছে। দাবি মানা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]