
আজ ১৭ এপ্রিল, মুজিবনগর দিবস। মুক্তিযুদ্ধ চলাকালে এইদিনে মেহেরপুরের বৈদ্যনাথতলা গ্রামের আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে। পরে এই বৈদ্যনাথতলাকেই ঐতিহাসিক ‘মুজিবনগর’ নামকরণ করা হয়। একাত্তরের এই দিনে সেখানে স্বাধীন বাংলাদেশ সরকারের শপথ গ্রহণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ ও সরকার পরিচালনা প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়। ঐতিহাসিক এ দিনটি উপলক্ষে আজ মুজিবনগরে প্রশাসনের পক্ষ থেকে কোনও আয়োজন নেই। এবার কেবল রুটিনমাফিক কিছু ছোটখাটো কর্মসূচি ছাড়া বড় কোনও রাজনৈতিক বা সাংস্কৃতিক অনুষ্ঠানেরও খবর পাওয়া যায়নি।
জানতে চাইলে মেহেরপুর জেলা প্রশাসক শিল্পী রানী রায় বলেন, ‘মন্ত্রণালয় থেকে এখনও মুজিবনগর দিবস সম্পর্কে কোনও নির্দেশনা আসেনি। আমরা নির্দেশনার অপেক্ষায় আছি।’
আজকের দিনটির গুরুত্বের কথা তুলে ধরে স্থানীয় সচেতনমহল বলছেন, মুজিবনগর দিবসের ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। ১৭ এপ্রিলের সেই শপথ গ্রহণ অনুষ্ঠানই বিশ্ববাসীর কাছে প্রমাণ করেছিল যে, বাংলাদেশের মুক্তিযুদ্ধ কোনও বিচ্ছিন্ন বিদ্রোহ নয়, বরং একটি সুসংগঠিত সরকার ব্যবস্থা দ্বারা পরিচালিত জনযুদ্ধ। মুজিবনগর স্মৃতিসৌধের ২৩টি স্তম্ভ আজও যেন নীরবে মনে করিয়ে দেয় শোষণ আর সংগ্রামের ইতিহাস।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]