সৌদি পৌঁছেছেন ৫৯ হাজার বাংলাদেশি হজযাত্রী, মৃত্যু বেড়ে ১৬
প্রকাশ : ১৭ মে ২০২৬, ১১:০৭
সৌদি পৌঁছেছেন ৫৯ হাজার বাংলাদেশি হজযাত্রী, মৃত্যু বেড়ে ১৬
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

চলতি বছর পবিত্র হজ পালনের উদ্দেশ্যে ১৫৪টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৫৯ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী। এ সময় সর্ব মোট ১৬ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে।


রবিবার (১৭ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।


এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরবের সূত্রে হজ বুলেটিনের আইটি হেল্প ডেস্ক জানিয়েছে, শনিবার (১৬ মে) দিবাগত রাত ৩টা নাগাদ সৌদি পৌঁছেছেন ৫৯ হাজার ৭৮৩ জন হজযাত্রী। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৭৮টি ফ্লাইটে ৩০ হাজার ৮৪৪ জন বাংলাদেশি মধ্যপ্রাচ্যের দেশটিতে পাড়ি জমিয়েছেন।


এ ছাড়াও সৌদি এয়ারলাইনস পরিচালিত ৫৪টি ফ্লাইটে জেদ্দায় পৌঁছেছেন ২০ হাজার ৮০ জন হজযাত্রী। সেই সঙ্গে ফ্লাইনাস এয়ারলাইনস পরিচালিত ২২টি ফ্লাইটে আরও ৮ হাজার ৮৫৯ জন বাংলাদেশি পবিত্র হজ পালনের উদ্দেশে সৌদি আরবে পৌঁছেছেন। সবমিলিয়ে সরকারি মাধ্যমে ৪ হাজার ৪৪৪ জন এবং বেসরকারি মাধ্যমে ৫৫ হাজার ৩৩৯ জন হজযাত্রী মধ্যপ্রাচ্যের দেশটিতে পৌঁছেছেন।


এদিকে চলতি বছর হজ করতে সৌদি আরবে গিয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে হজ করতে মধ্যপ্রাচ্যের দেশটিতে গিয়ে এ পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১২ জন পুরুষ ও ৪ জন মহিলা। যাদের মধ্যে মক্কায় ১২ জন এবং মদিনায় ৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে হজ বুলেটিনের আইটি হেল্প ডেস্ক।


উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে চলতি বছরের পবিত্র হজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ লক্ষ্যে গত ১৮ এপ্রিল বাংলাদেশ থেকে জেদ্দার উদ্দেশে ছেড়ে যায় হজযাত্রীদের প্রথম ফ্লাইট। হজের আনুষ্ঠানিকতা শেষে আগামী ৩০ মে থেকে হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হবে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com