প্রশ্ন জামায়াত আমিরের
‘দেশে কি আদৌ কোনো সরকার আছে’
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৬, ১১:১৩
‘দেশে কি আদৌ কোনো সরকার আছে’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

রাজধানীর অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের (সাবেক হোম ইকোনমিকস কলেজ) নারী শিক্ষার্থীদের ওপর গভীর রাতে পুলিশের লাঠিচার্জের ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তিনি প্রশ্ন রেখেছেন, ‘দেশে কি আদৌ কোনো সরকার ব্যবস্থা আছে?’


শনিবার (৭ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এ ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন জামায়াত আমির।


ফেসবুক স্ট্যাটাসে ডা. শফিকুর রহমান লেখেন, ‘রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের নারী শিক্ষার্থীদের ওপর গভীর রাতে পুলিশ যেভাবে লাঠিচার্জ করেছে, তা অত্যন্ত উদ্বেগজনক। এটা দেখার এই দেশে কেউ কি নেই?’


শিক্ষার্থীদের আন্দোলনের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘হলের সিট পুনর্বহাল, আবাসন সংকট নিরসন ও প্রাতিষ্ঠানিক হয়রানি বন্ধের মতো যৌক্তিক দাবিতে আন্দোলনরত ছাত্রীদের সঙ্গে আলোচনা না করে পুলিশ দিয়ে বলপ্রয়োগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’


নারী শিক্ষার্থীদের হোস্টেলে পুরুষ পুলিশের প্রবেশের তীব্র সমালোচনা করে জামায়াতের আমির বলেন, ‘ছাত্রী হোস্টেলে পুরুষ পুলিশ প্রবেশ করে লাঠিচার্জ করার ঘটনা আরও উদ্বেগজনক। সরকার বলে কি আসলেই কোন ব্যবস্থা দেশে আছে?’


অবিলম্বে এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং শিক্ষার্থীদের যৌক্তিক দাবি পূরণের জোর দাবি জানান বিরোধীদলীয় নেতা।


একইসঙ্গে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘ফ্যাসিবাদী কায়দায় জনগণের ওপর দমন-পীড়ন চালানোর সংস্কৃতি আর চলতে পারে না।’


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com