আওয়ামী লীগের সাবেক এমপি জোয়াহেরের প্রথম জানাজা সম্পন্ন
প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ১৪:৫২
আওয়ামী লীগের সাবেক এমপি জোয়াহেরের প্রথম জানাজা সম্পন্ন
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের)-এর প্রথম জানাজা সম্পন্ন হয়েছে।


সোমবার (২ মার্চ) বেলা ১২টায় টাঙ্গাইল জেলা সদর হেলিপ্যাড প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে ইমামতি করেন কোর্ট বিল্ডিং জামে মসজিদের পেশ ইমাম মাওলানা হাফিজুর রহমান।


জানাজায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। উপস্থিত ছিলেন কৃষক শ্রমিক জনতালীগের কেন্দ্রীয় সদস্য ও কালিহাতী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী, টাঙ্গাইলের সাবেক পিপি এস. আকবর খান, টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির সভাপতি মোনায়েম হোসেন খান আলম, সাধারণ সম্পাদক সাদিউর রহমান স্বপন, সাবেক সভাপতি রফিকুল ইসলাম আলো, মো. আইয়ুব আলী, শামীমুল আক্তার শামীম, সাবেক সাধারণ সম্পাদক শাহান শাহ সিদ্দিকী মিন্টু, মহসিন সিকদার, শামসুদ্দিন শামস, গণসংগীত শিল্পী এলেন মল্লিক, টাঙ্গাইল জেলা সিপিবির সভাপতি নাছিমুল আক্তার সেলিম, সখীপুর উপজেলার গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ার হোসেন সখীপুরী, অ্যাডভোকেট আনিছুর রহমান খান হুমায়ুনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।


পারিবারিক সূত্রে জানা গেছে, বিকাল ৩টায় সখীপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের বেরবাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে স্থানীয় সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হবে।


এর আগে গত শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভারতের কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রোববার (১ মার্চ) রাতে বেনাপোল চেকপোস্ট দিয়ে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তার মরদেহ দেশে আনা হয়।
উল্লেখ্য, জোয়াহেরুল ইসলাম ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি জেলা ছাত্রলীগের সভাপতি এবং করটিয়া সরকারি সা’দত কলেজ ছাত্র সংসদের দুই মেয়াদে ভিপি হিসেবে দায়িত্ব পালন করেন। ‘ভিপি জোয়াহের’ নামেই তিনি অধিক পরিচিত ছিলেন।


বিবার্তা/বাবু/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com