
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়ার সিদ্ধান্তকে ‘অগণতান্ত্রিক’ বলে আখ্যা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী।
সোমবার (৯ ফেব্রুয়ারি) নির্বাচনী প্রচারণাকালে তিনি এ মন্তব্য করেন। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘মোবাইল যেহেতু নিষিদ্ধ করা হয়েছে, তাই ভোটারদের বলবো—সনি বা ক্যাননের মতো ক্যামেরা নিয়ে ভোটকেন্দ্রে যাবেন। অনৈতিক কিছু দেখলেই ভিডিও করবেন। নির্বাচন কমিশন এমন অগণতান্ত্রিক সিদ্ধান্ত নিতে পারে না। ইলেকশন ইঞ্জিনিয়ারিং শুরু হয়ে গেছে।’
এর আগে রোববার (৮ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. শহীদুল ইসলামের সই করা একটি চিঠি দেশের সব রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো হয়। চিঠিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার, পুলিশ ইনচার্জ, আনসার, সাধারণ আনসার বা ভিডিপির মধ্যে শুধুমাত্র ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ ব্যবহারকারী দু’জন আনসার সদস্য মোবাইল ফোন রাখতে পারবেন। অন্য কেউ মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন না।
তবে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধের বিষয়টি নিয়ে এখনো ‘পুরোপুরি স্পষ্টতা নেই’ বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসউদ। সোমবার একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে ফোনালাপে তিনি বলেন, ‘নিষেধাজ্ঞার আওতায় গণমাধ্যমকর্মীরা পড়লে কমিশনাররা বসে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।’
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]