
১২ তারিখের ভোট শুধু প্রতিনিধি বাছাই নয় বরং দেশ পুনর্গঠনের গুরু দায়িত্ব বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (৭ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁও জেলা সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড় মাঠে নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সব ধর্মের মানুষ যাতে শান্তিতে ও নিরাপদে বসবাস করতে পারে সেই বাংলাদেশ বিনির্মাণে উত্তর জনপদের মানুষের কাছে ধানের শীষে ভোট চাই। এ সময় তিনি বন্ধ হয়ে যাওয়া চিনিকল চালুসহ উত্তরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে নানা প্রতিশ্রুতিও দেন।
বিএনপি চেয়ারম্যান বলেন, প্রিয় ভাই-বোনেরা এই এলাকায় বহু তরুণ-তরুণী যুবক সদস্য আছে যাদের কাছে শিক্ষার আলো আছে কিন্তু তারা বেকার হয়ে বসে আছেন। সেইজন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি এই এলাকার তরুণদের সঠিকভাবে ট্রেনিং প্রদানের। আমরা যুবকদের ট্রেনিং দিয়ে দক্ষ শ্রমিক গড়ে তুলতে চাই; যাতে তারা তাদের নিজেদের এলাকায় হোক অথবা বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করে যেতে পারে।
তিনি আরও বলেন, আমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিতে চাই। আমরা জনগণকে নিয়ে আন্দোলন, সংগ্রাম করেছি। এখন দেশকে পুনর্গঠন করতে চাই। আমরা আমাদের দেশকে খাদ্যে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই। বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই। মা-বোনদেরকে শিক্ষিত এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই। সেজন্য আপনাদের সহযোগিতা ছাড়া আমাদের পক্ষে এই কাজগুলো করা সম্ভব নয়।
সব ধর্মের মানুষের সমান সুযোগ নিশ্চিতের মধ্য দিয়ে শান্তিপূর্ণ সহাবস্থানের বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নও দেখালেন বিএনপি চেয়ারম্যান।
এদিকে, তারেক রহমান যখন ঠাকুরগাঁও জনসভায় পৌঁছান ততক্ষণে জেলা স্কুল মাঠ ছাড়িয়ে ধানের শীষের স্লোগান ছড়িয়ে পড়ে শহরের অলিগলিতে। ডাক দেন সবার আগে বাংলাদেশ বিনির্মাণে এই অদম্য স্লোগান বাস্তবায়নের অংশীদার হওয়ার।
বিবার্তা/বিধান/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]