
রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা মামলার ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আসামিদের আপিলের রায় আজ।
হত্যাকাণ্ডের মাত্র ১৯ দিনের মাথায় বিচারিক আদালতের রায়ের পর এবার উচ্চ আদালতেও মামলাটির দ্রুত নিষ্পত্তি হতে যাচ্ছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ এই রায় ঘোষণা করবেন। এর আগে গতকাল সোমবার উভয় পক্ষের চূড়ান্ত শুনানি শেষে রায়ের জন্য আজকের দিন ধার্য করেন আদালত। হাইকোর্টে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
মামলার নথিপত্র অনুযায়ী, রাজধানীর পল্লবীতে প্রতিবেশী সোহেল রানা তার স্ত্রী স্বপ্না আক্তারের সহযোগিতায় সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণ করেন। ঘটনা আড়াল করতে শিশুটিকে গলা কেটে হত্যার পর মরদেহ খণ্ডিত করে জানালার গ্রিল কেটে পালিয়ে যান সোহেল। পাশের ফ্ল্যাটে থাকা রামিসার মা পারভীন আক্তার শিশুর আর্তনাদ শুনতে পেলেও তা যে তার নিজের সন্তানের, সেটি তখন বুঝতে পারেননি। পরে পাশের ফ্ল্যাট থেকে রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়।
নৃশংস এ হত্যাকাণ্ডের ঘটনায় সারা দেশে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের সৃষ্টি হয়। ঘটনার পরদিন রামিসার বাবা আবদুল হান্নান মোল্লা বাদী হয়ে পল্লবী থানায় ধর্ষণ ও হত্যা মামলা করেন। পুলিশ প্রথমে সহযোগী আসামি স্বপ্না আক্তারকে আটক করে। পরে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে প্রধান আসামি সোহেল রানাকে গ্রেফতার করা হয়। গত ২১ মে সোহেল রানা আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
ওই সময় রামিসার বাসায় গিয়ে শোকসন্তপ্ত মা-বাবাকে সান্ত্বনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তার সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন। তারা জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আশ্বাস দেন।
পহেলা জুন অভিযোগ গঠনের মাধ্যমে শুরু হয় আনুষ্ঠানিক বিচার। ২ জুন মাত্র এক দিনেই সম্পন্ন হয় ১৬ জনের সাক্ষ্যগ্রহণ। আর হত্যাকাণ্ডের ১৯ দিনের মাথায় ৭ জুন ট্রাইব্যুনাল রায় দেয়। সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
বিচারিক আদালতের রায়ের পর নিয়ম অনুযায়ী আসামিদের মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য মামলার নথিপত্র (ডেথ রেফারেন্স) হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি দণ্ডাদেশের বিরুদ্ধে জেল আপিল করেন আসামিরা। মামলার গুরুত্ব বিবেচনায় অগ্রাধিকার ভিত্তিতে হাইকোর্টে শুনানির উদ্যোগ নেওয়া হয়। সোমবার (১৬ নভেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে উভয় পক্ষের চূড়ান্ত শুনানি শেষ হয়। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
আইনসংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, বিচারহীনতার সংস্কৃতি দূর করে স্বল্পতম সময়ে দেশের বিচার বিভাগ কীভাবে ন্যায়বিচার নিশ্চিত করতে পারে, এই মামলা তার অন্যতম দৃষ্টান্ত।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]