সাবেক এমপি শরিফুল ইসলাম গ্রেফতার
প্রকাশ : ২৭ মার্চ ২০২৬, ০৯:৪০
সাবেক এমপি শরিফুল ইসলাম গ্রেফতার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের তিনবারের সাবেক এমপি ও জাতীয় পার্টির জেলা কমিটির সভাপতি শরিফুল ইসলাম জিন্নাহকে (৭৬) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।


শুক্রবার (২৭ মার্চ) ভোরে রাজধানীর রমনা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃত শরিফুল ইসলাম জিন্নাহ বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থানগড় এলাকার মৃত আজিমদ্দিনের ছেলে।


বগুড়া জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নিহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি তিনি। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি বগুড়ার একটি বিশেষ দল ঢাকা মেট্রোপলিটন এলাকার রমনা থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।


পুলিশ সূত্রে জানা গেছে, শরিফুল ইসলাম জিন্নাহর বিরুদ্ধে গত বছরের ৭ অক্টোবর শিবগঞ্জ থানায় বিস্ফোরক দ্রব্য আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় একটি মামলা (মামলা নম্বর-১৫) করা হয়েছিল। ওই মামলায় তিনি পলাতক ছিলেন। এ ছাড়া তার বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক মামলাসহ মোট ১০টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।


জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির এই ভাইস চেয়ারম্যানকে সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com