
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী শারমীন জাহান হত্যা মামলায় তাঁর স্বামী, ঢাকা কলেজের শিক্ষার্থী ফাহিম আল হাসানের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
মঙ্গলবার (২৪ মার্চ) শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা পুলিশের প্রসিকিউশন বিভাগের এসআই বিশ্বজিৎ দেবনাথ।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শহিদুজ্জামান গত ১৬ মার্চ আসামির পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত ওইদিন রিমান্ড শুনানির জন্য ২৪ মার্চ তারিখ নির্ধারণ করেন।
নির্ধারিত দিনে আসামি ফাহিমকে আদালতে হাজির করা হলে তাঁর আইনজীবী সৈয়দ জাহিদুল ইসলাম জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, হত্যাকাণ্ডের পর আত্মগোপনে থাকা অবস্থায় একই রাতেই ইসলামনগর এলাকা থেকে ফাহিমকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনাসংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য দিলেও হত্যার মূল রহস্য উদ্ঘাটন এবং সম্ভাব্য পলাতক সহযোগীদের বিষয়ে তথ্য সংগ্রহের জন্য তাকে আরও নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত শারমীন জাহান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁর স্বামী ফাহিম আল হাসান ঢাকা কলেজের অর্থনীতি বিভাগের একই বর্ষের শিক্ষার্থী। প্রেমের সম্পর্কের পর গত বছরের ২৪ জুন তারা বিয়ে করেন এবং বিষয়টি পরিবারকে জানান। পরে সেপ্টেম্বর মাসে তারা বিশ্ববিদ্যালয় সংলগ্ন ইসলামনগর এলাকায় ভাড়া বাসায় বসবাস শুরু করেন। বিয়ের কিছুদিন পর থেকেই পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে কলহের সৃষ্টি হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এসব বিষয় শারমীন তাঁর পরিবারের সদস্যদেরও জানিয়েছিলেন।
এজাহারে আরও বলা হয়, ১৫ মার্চ বিকেল পৌনে পাঁচটার দিকে ফাহিম মোবাইল ফোনে শারমীনের চাচা মনিরুল ইসলামকে ফোন করে জানান যে শারমীন গুরুতর অসুস্থ। খবর পেয়ে তিনি বাসায় গিয়ে শারমীনকে খাটের ওপর রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে সাভারের বেসরকারি এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সুরতহাল প্রতিবেদনের তথ্য অনুযায়ী, শারমীনের কপালের ডান পাশে এবং মাথার উপরের অংশে গভীর রক্তাক্ত আঘাতের চিহ্ন পাওয়া যায়।
ঘটনার পরদিন ১৫ মার্চ শারমীনের চাচা মনিরুল ইসলাম আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
বিবার্তা/সামিয়া/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]