
বিশ্ববাজারে আরও শক্তিশালী হয়েছে মার্কিন ডলার। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিশ্বের ছয়টি প্রধান মুদ্রার বিপরীতে ডলারের মান গত ১৯ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এর ফলে চাপে পড়েছে ইউরো, পাউন্ড ও অস্ট্রেলীয় ডলারের মতো মুদ্রাগুলো।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ বা ফেড সুদের হার আরও বাড়াতে পারে, এমন প্রত্যাশা বাড়ায় বিশ্ববাজারে ডলারের দামে এমন উত্থান ঘটেছে।
বিশ্ববাজারে ডলারের সূচক ছয়দিন ধরেই ঊর্ধ্বমুখী। মঙ্গলবার এই সূচক বেড়ে ১০৩ দশমিক ৬৬ পয়েন্টে পৌঁছেছে। এটি ২০২৫ সালের এপ্রিলের পর থেকে সর্বোচ্চ।
ডলার সূচক দিয়ে ইউরো, পাউন্ড, জাপানি ইয়েনসহ ছয়টি প্রধান মুদ্রার বিপরীতে মার্কিন ডলারের মান পরিমাপ করা হয়।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ভোক্তা মূল্যস্ফীতি প্রত্যাশার চেয়ে বেশি বেড়েছিল। এরপর টানা পাঁচদিন ডলার সূচকের উত্থান ঘটে। মঙ্গলবারও সেই ধারা অব্যাহত রয়েছে।
ফেডারেল রিজার্ভের আগামী ডিসেম্বরের বৈঠকে সুদের হার বাড়ানোর সম্ভাবনা এখন প্রায় নিশ্চিত।
ব্যবসায়ীরা বলছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক আরও কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছে। আর তার সরাসরি প্রভাব পড়ছে অন্যান্য প্রধান মুদ্রার ওপর।
অন্যান্য মুদ্রার দরপতন
বিশ্ববাজারে ডলারের দামে টানা উত্থানে বড় ধাক্কা খেয়েছে অন্য দেশের মুদ্রাগুলো।
ইউরোর মান কমে ১৯ মাসের মধ্যে সর্বনিম্ন ১ দশমিক ০৯৮৫ ডলারে নেমেছে। ব্রিটিশ পাউন্ডের দাম কমে দাঁড়িয়েছে ১ দশমিক ৩১৭১ ডলারে।
জাপানি ইয়েনের প্রতি ডলারের বিনিময়মূল্য ১৫৯ দশমিক ৪৯ ইয়েনে ঠেকেছে। অস্ট্রেলীয় ডলার বা ‘অসি’র মান কমে গত জানুয়ারি মাসের পর সর্বনিম্ন ০ দশমিক ৬৭২৫ ডলারে নেমেছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]