
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাবে বিশ্বজুড়ে জ্বালানি বাজারে অস্থিরতার মধ্যে ভারতের কাছে অতিরিক্ত জ্বালানি সহায়তা চেয়েছে বাংলাদেশ সরকার। এ বিষয়ে ভারতকে আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।
বুধবার (১১ মার্চ) সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
বাংলাদেশের পক্ষ থেকে অতিরিক্ত জ্বালানি সরবরাহের বিষয়ে একটি আনুষ্ঠানিক চিঠি দেওয়া হয়েছে জানিয়ে প্রণয় ভার্মা বলেন, “বাংলাদেশ সরকারের কাছ থেকে অতিরিক্ত সরবরাহের অনুরোধসংবলিত চিঠি পেয়েছি। এটি গ্রহণ করেছি এবং দ্রুত বিবেচনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেবো।”
বৈঠকে দুই দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিদ্যমান সহযোগিতা নিয়েও আলোচনা হয়েছে বলে জানান ভারতীয় হাইকমিশনার। তিনি বলেন, “বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি খাতে শক্তিশালী সংযোগ রয়েছে এবং এটি দুই দেশের অর্থনৈতিক সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ অংশ।”
তিনি আরও বলেন, বর্তমানে দুই দেশের মধ্যে আন্তঃসীমান্ত বিদ্যুৎ সঞ্চালন লাইন ও জ্বালানি পাইপলাইন চালু রয়েছে। এই সহযোগিতা কীভাবে আরও জোরদার করা যায়, সে বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]