
বাংলাদেশের প্রত্যেকটি বিভাগীয় শহরে ক্যানসার চিকিৎসা ব্যবস্থা গড়ে তোলা এবং ক্যানসার বায়োলজিসহ আধুনিক চিকিৎসাবিজ্ঞানের প্রসারে একটি ‘ন্যাশনাল মলিকিউলার বায়োলজি ল্যাবরেটরি’ স্থাপনের সরকার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘ষষ্ঠ বাংলাদেশ ব্রেস্ট ক্যানসার কনফারেন্স ২০২৬ (বিবিসি২৬)’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান।
বাংলাদেশ সোসাইটি ফর ব্রেস্ট ক্যানসার স্টাডি (বিএসবিসিএস) এই সম্মেলনের আয়োজন করে।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী তার বক্তব্যে স্তন ক্যানসার প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণের ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করে বলেন, বাংলাদেশে প্রতি বছর অনেক নারী স্তন ক্যান্সারের কারণে মৃত্যুবরণ করছেন।
গবেষণায় দেখা গেছে, অধিকাংশ রোগীই ক্যান্সারের অ্যাডভান্সড পর্যায়ে চিকিৎসকের শরণাপন্ন হন। যত দেরিতে রোগ শনাক্ত হয়, জটিলতা ও শরীরে ছড়িয়ে পড়ার ঝুঁকি তত বাড়ে।
অথচ ক্যানসার এখন আর মরণব্যাধি নয়, বিশেষ করে স্তন ক্যানসার একেবারে প্রাথমিক পর্যায়ে শনাক্ত করে সঠিক চিকিৎসা দেওয়া গেলে মৃত্যুর হার খুবই কম এবং রোগী দীর্ঘদিন সুস্থভাবে বেঁচে থাকতে পারেন।
নির্দিষ্ট বয়সী নারীদের জন্য নিয়মিত স্ক্রিনিং কর্মসূচি চালুর প্রয়োজনীয়তা তুলে ধরে ড. এম এ মুহিত বলেন, স্তন ক্যানসার দ্রুত শনাক্ত করতে আমাদের ব্যাপক জনসচেতনতা সৃষ্টি এবং নির্দিষ্ট বয়সী নারীদের জন্য সুনির্দিষ্ট স্ক্রিনিং প্রোগ্রাম চালু করতে হবে।
সঠিক পদ্ধতিতে স্ক্রিনিং করা গেলে রোগের ঝুঁকি বা লক্ষণ একদম শুরুর পর্যায়েই ধরা সম্ভব।
আধুনিক চিকিৎসা প্রযুক্তি ও দক্ষ জনবল তৈরির বিষয়ে সরকারের পরিকল্পনার কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, বিশ্বব্যাপী ক্যানসার চিকিৎসায় মলিকিউলার বায়োলজি টেকনিকের ব্যবহার বড় পরিবর্তন আনছে। আগামী দিনের স্বাস্থ্যব্যবস্থাকে উন্নত করতে সরকার জাতীয় পর্যায়ে একটি ‘ন্যাশনাল মলিকিউলার বায়োলজি ল্যাবরেটরি’ স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে এবং ইতোমধ্যে এ বিষয়ে কাজ শুরু হয়েছে। পাশাপাশি ক্যানসার ইনস্টিটিউটগুলোতে আধুনিক যন্ত্রপাতি কেনার পাশাপাশি দেশ-বিদেশে প্রশিক্ষণের মাধ্যমে নতুন ক্যানসার বিশেষজ্ঞ ও দক্ষ জনবল গড়ে তোলার কার্যক্রম চলমান রয়েছে।
বাংলাদেশ সোসাইটি ফর ব্রেস্ট ক্যানসার স্টাডির (বিএসবিসিএস) সভাপতি অধ্যাপক ডা. কামরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সম্মেলনের অর্গানাইজিং সেক্রেটারি ডা. মো. আরিফুর রহমান এবং বিএসবিসিএসের বিগত বছরের কার্যক্রম ও সম্মেলনের মূল প্রতিপাদ্য তুলে ধরেন সংগঠনের সাধারণ সম্পাদক ডা. অরুণাংশু দাস।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ইউএনএফপিএ বাংলাদেশের প্রতিনিধি ক্যাথরিন ব্রিন কামকং, যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞ অধ্যাপক ডা. ইসমাইল জাতোই এবং অধ্যাপক ডা. ডন এস. ডিজন। এছাড়া বিএসবিসিএসের পৃষ্ঠপোষক (প্যাট্রন) হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক ডা. এম. এ. হাই এবং অধ্যাপক ডা. মো. সানোয়ার হোসেন।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]