এমপি নুসরাতের বাড়িতে নাশকতার আলামত মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ১৭:১৬
এমপি নুসরাতের বাড়িতে নাশকতার আলামত মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের পুরাতন বাড়িতে আগুন লাগার ঘটনায় পেট্রোল বোমা বা নাশকতার সুনির্দিষ্ট আলামত মেলেনিবলে জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।


বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের চতুর্থ দিনেবিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।


সংসদে ঘটনার বিস্তারিত বিবরণ তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত রাতে অর্থাৎ আজ ১২ তারিখের শুরুতে রাত ১২টা ২০ মিনিটের দিকে সীমান্ত থেকে ৭ দশমিক ৪ কিলোমিটার দূরে দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগুয়ান গ্রামে সংরক্ষিত নারী সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যে টিনশেড আধা-পাকা বাড়িতে আগুন লেগেছে, তার থেকে ২০ মিটার দূরে তার বাবা-মা একটি তিনতলা বাড়িতে অবস্থান করেন। মূলত ওই টিনশেড বাড়িতে কেউ থাকতেন না; সেখানে কেবল দুটি ছাগল ও কিছু আসবাবপত্র ছিল।


ঘটনার পরপরই প্রশাসনের পদক্ষেপ নেওয়ার কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পার্শ্ববর্তী থানা থেকে ফায়ার সার্ভিসের গাড়ি এনে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ছাড়া অতিরিক্ত পুলিশ সুপার, থানার ওসি, এসপি এবং বিজিবির টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুন লাগার প্রকৃত কারণ উদঘাটনে বিজিবি, ফায়ার সার্ভিস, পুলিশ ও সিভিল প্রশাসনকে নিয়ে একটি যৌথ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।


তদন্তের প্রাথমিক প্রতিবেদনের বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, স্থানীয় ব্যক্তিবর্গ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সবার সঙ্গে আলোচনা এবং আলামত মূল্যায়ন করে প্রাথমিকভাবে পেট্রোল বোমা বিস্ফোরণের মতো কোনো শব্দ বা দেয়ালে পেট্রোল বোমার কোনো চিহ্ন পাওয়া যায়নি। এমনকি কোনো সাক্ষীও পেট্রোল বোমা ব্যবহারের কোনো তথ্য দেননি। ঘটনাস্থলের ছবি, দেয়াল ও অন্যান্য আলামত পর্যালোচনা করে ধারণা করা হচ্ছে, বাড়িটি পুরোনো হওয়ায় এবং ইলেকট্রিক ওয়্যারিং দুর্বল থাকায় বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণেও এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। তবে এটি সম্পূর্ণ তদন্ত সাপেক্ষে নিশ্চিত করা সম্ভব হবে।


স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, পরিত্যক্ত বা কম ব্যবহৃত ওই বাড়িতে কেয়ারটেকারের জুতা তৈরির কিছু সরঞ্জাম ও কাপড় ছিল, যা আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দুটি ছাগল মারা গেছে। এ ঘটনায় ইতোমধ্যে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং পুলিশ সে অনুযায়ী তদন্ত চালিয়ে যাচ্ছে। এর পেছনে কেউ নাশকতামূলক কোনো কর্মকাণ্ড চালিয়ে থাকলে অধিকতর তদন্তে তা প্রমাণিত হলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।


এর আগে বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার বাগোয়ান গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরিত্যক্ত বাড়ি হওয়ায় ওই বাড়িতে এমপি পরিবারের কেউ বসবাস করেন না বলে জানাগেছে।


পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতের আঁধারে দুর্বৃত্তরা নুসরাত তাবাসসুমের দাদার পুরাতন টিনসেড বাড়িতে আগুন দিয়ে পালিয়ে যায়। আগুন বাড়িতে ছড়িয়ে পড়লে স্থানীয়রা তা দেখে ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস দলঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।


সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাবা বাগোয়ান কেসিভিএন মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুলহালিম (টম মাস্টার) ওই বাড়ির পাশেই নিজ বাড়িতে বসবাস করেন।


পুরোনো বাড়িটিতে মূলত গবাদিপশু পালন করা হয়। আগুনে একটি ছাগল অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে। তবে কারা এ আগুন দিয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


নুসরাত তাবাসসুমের মা জোহরা খাতুন পাপিয়া বলেন, হঠাৎবিকট শব্দ শুনতে পাই। পরে ওই বাড়িতে গিয়ে দেখি দাউ দাউ করে আগুন জ্বলছে। আগুনের শব্দ শুনে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। কারা আগুন দিয়েছে তা শনাক্ত করতে পারিনি।


আগুনের বিষয়ে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন জানান, কিভাবে আগুন লেগেছে তা নিশ্চিত হওয়া যায়নি। তদন্তে তা জানা যাবে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রনে এনেছে। বর্তমানে আমি ঘটনাস্থলে রয়েছি।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com