ঋতুপর্ণার গোলে সমতায় বিরতিতে বাংলাদেশ
প্রকাশ : ০৬ জুন ২০২৬, ২০:০৭
ঋতুপর্ণার গোলে সমতায় বিরতিতে বাংলাদেশ
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট অ-অ+

দুই উইংয়ে আধিপত্য করলেন ঋতুপর্ণা চাকমা, শামসুন্নাহার জুনিয়র। মাঝমাঠে আলো ছড়ালেন মারিয়া মান্দা। ভারতের রক্ষণে ভীতি ছড়ালেন তহুরা খাতুন। অভিজ্ঞ ডিফেন্ডার শামসুন্নাহার সিনিয়র খেললেন মাঠ জুড়ে। সব মলিনতা, জড়তা ঝেড়ে ফেলা বাংলাদেশেই ফাইনালের প্রথমার্ধে আধিপত্য করল ভারতের ওপর। কিন্তু পাল্টা আক্রমণ থেকে এগিয়ে গেল ভারত। বাংলাদেশও পাল্টা জবাব দিল দ্রুত। তাতে সমতায় শেষ হলো প্রথমার্ধ।


গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে শনিবার উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপের অষ্টম আসরের ফাইনালের প্রথমার্ধ শেষ হয়েছে ১-১ সমতায়।


দুটি পরিবর্তন এনে একাদশ সাজান বাটলার। উমহেলা মারমা ও সুরভি আকন্দ প্রীতির বদলে নামান তহুরা খাতুন ও শামসুন্নাহার জুনিয়রকে। গত সাফে বাংলাদেশের সর্বোচ্চ গোলদাতা তহুরা চলতি আসরে এই প্রথম সুযোগ পান শুরু থেকে খেলার।


শুরুর ১০ মিনিটে ভারতের তুলনায় বল নিয়ন্ত্রণে কিছুটা এগিয়ে ছিল বাংলাদেশ। বাম উইং ধরে ঋতুপর্ণা বক্সে বেশ কয়েকবার বল বাড়ান, কিন্তু গোলরক্ষককে পরীক্ষায় ফেলার মতো কিছু করতে পারেননি কেউ। দ্বাদশ মিনিটে দারুণ সুযোগ আসে তাদের সামনে। তহুরার ছোট পাস ধরে ঋতুপর্ণা আড়াআড়ি ক্রস বাড়ান বক্সে, গোলমুখে শামসুন্নাহার জুনিয়র এবারও প্রয়োজনীয় টোকা দিতে পারেননি।


একটু পর শামসুন্নাহারের পাস ধরে গোলরক্ষককে একা পান তহুরা; কিন্তু গায়ের সঙ্গে সেঁটে থাকা সিল্কি দেবির বাধা এড়াতে পারেননি পুরোপুরি। তার নিচু দুর্বল শট সিল্কি দ্রুত পা চালিয়ে কর্নার করে দেন। একটু পরই ভারতের একটি প্রচেষ্টা যায় পোস্টের বাইরে।


২৮তম মিনিটে আভীকা সিংয়ের হেড দুর্ভাবনার কারণ হয়নি মিলির জন্য। একটু পর একটি বাচ্চা কুকুর ঢুকে পড়ে মাঠে। মাঝমাঠে গিয়ে গড়াগড়ি দিতে থাকে। বাংলাদেশে অধিনায়ক মারিয়া আরেক অফিসিয়ালের সহযোগিতায় কুকুরটি বের করে দিলে খেলা ফের শুরু হয়।


দুই মিনিট পর সতীর্থের ক্রসে আভীকার হেড অল্পের জন্য যায় পোস্টের বাইরে দিয়ে। ৩৮তম মিনিটে মনিষা কল্যাণের কোনাকুনি শট ঝাঁপিয়ে আটকে দেন মিলি।


কিছুক্ষণ পর পাল্টা আক্রমণে এগিয়ে যায় ভারত। পিয়ারি সাসার পাহারায় ছিলেন সুরভি আকন্দ আরফিন। কিন্তু সাসার শট তার পায়ে লেগেই মিলির মাথার ওপর দিয়ে জালে জড়ায়।


খানিক পর বক্সের বেশ বাইরে আনিকার জোরাল শট ঝাঁপিয়ে কর্নার করে দেন চানু। কিন্তু ৪৫তম মিনিটে আর পারেননি তিনি। মাঝমাঠের একটু ওপরে প্রতিপক্ষের কাছ থেকে বল কেড়ে নিয়ে আনিকা বাড়ান তহুরাকে। চলন্ত বলে পা ছুঁয়ে তিনি বাড়িয়ে দেন ঋতুপর্ণাকে। ডি-বক্সে ঢুকে নিখুঁত প্লেসিং শটে তিনি ঠিকানা খুঁজে নেন। সমতার স্বস্তি নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।


চলতি আসরে গ্রুপ পর্বের দেখায় ভারতের বিপক্ষে ৩-০ গোলে হেরেছিল বাংলাদেশ।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com