
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ট্রেন চলাচলে সময়ানুবর্তিতা নিশ্চিত করা এবং শিডিউল বিপর্যয় এড়াতে ঢাকাগামী ৯টি আন্তঃনগর ট্রেনের ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি সাময়িকভাবে বাতিল করেছে বাংলাদেশ রেলওয়ে।
রাজধানীর রেল ভবনে সম্প্রতি অনুষ্ঠিত ঈদযাত্রা উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১৬ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত ঢাকাগামী একতা এক্সপ্রেস, দ্রুতযান এক্সপ্রেস, পঞ্চগড় এক্সপ্রেস, নীলসাগর এক্সপ্রেস, কুড়িগ্রাম এক্সপ্রেস, লালমনি এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস, চিলাহাটি এক্সপ্রেস ও বুড়িমারী এক্সপ্রেস ট্রেনগুলো ঢাকা বিমানবন্দর স্টেশনে আর থামবে না।
একই সময়ে বিমানবন্দর স্টেশন থেকে ঢাকাগামী কিংবা ঢাকা স্টেশন থেকে বিমানবন্দরগামী কোনো আন্তঃনগর ট্রেনের টিকিটও বিক্রি করা হবে না বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
অন্যদিকে সুন্দরবন এক্সপ্রেস, মধুমতি এক্সপ্রেস, বেনাপোল এক্সপ্রেস, জাহানাবাদ এক্সপ্রেস, রূপসী বাংলা এক্সপ্রেস ও নকশীকাঁথা কমিউটার ট্রেনগুলো ঢাকা রেলওয়ে স্টেশনের শহরতলি প্ল্যাটফর্ম থেকে যাত্রা শুরু করবে।
ঈদযাত্রায় বিনা টিকিটের যাত্রী ঠেকাতে ঢাকা, বিমানবন্দর, জয়দেবপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী ও খুলনাসহ দেশের গুরুত্বপূর্ণ রেলস্টেশনগুলোতে নিরাপত্তা জোরদার করা হবে। এ কাজে জিআরপি, আরএনবি, বিজিবি, র্যাব ও স্থানীয় পুলিশ যৌথভাবে দায়িত্ব পালন করবে এবং স্টেশনে সার্বক্ষণিক নজরদারি থাকবে।
এ ছাড়া নাশকতা প্রতিরোধে চলন্ত ট্রেন, স্টেশন এলাকা ও রেললাইনে নজরদারি আরও বাড়ানো হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ও রেলওয়ে সংশ্লিষ্টদের সমন্বয়ে যেকোনো নাশকতামূলক কর্মকাণ্ড কঠোরভাবে দমন করা হবে বলে জানানো হয়েছে।
রেলওয়ে আরও জানিয়েছে, ঈদ উপলক্ষে ঈদের ১০ দিন আগে থেকে এবং ঈদের পরের ১০ দিন পর্যন্ত কোনো ট্রেনে সেলুন কার সংযোজন করা হবে না।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]