
ইরানের বিরুদ্ধে অভিযানে অংশ নেয়া একটি মার্কিন সামরিক রিফুয়েলিং বিমান ইরাকে বিধ্বস্ত হয়েছে এবং উদ্ধার অভিযান চলছে বলে জানায় যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
স্থানীয় সময় বৃহস্পতিবার (১২ মার্চ) মার্কিন বার্তা সংস্থা এপি জানিয়েছে, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পরিস্থিতির সংবেদনশীলতার কারণে নাম প্রকাশ না করার শর্তে একজন মার্কিন কর্মকর্তা এপি-কে জানান, বিধ্বস্ত হওয়া কেসি-১৩৫ বিমানটিতে অন্তত পাঁচজন ক্রু সদস্য ছিলেন।
সামরিক বাহিনী এক বিবৃতিতে দাবি করেছে, দুর্ঘটনাটি ‘শত্রুপক্ষের হামলা বা নিজেদের বাহিনীর গুলির কারণে (ফ্রেন্ডলি ফায়ার)’ ঘটেনি। বিবৃতিতে বিমানটিকে ‘লস’ বা ‘ক্ষতি’ হিসেবে বর্ণনা করা হয়েছে।
মধ্যপ্রাচ্য অঞ্চলের সামরিক কার্যক্রম তদারকি করা ইউএস সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ঘটনায় দু’টি বিমান জড়িত ছিল। এর মধ্যে একটি নিরাপদে অবতরণ করে এবং অন্যটি পশ্চিম ইরাকে বিধ্বস্ত হয়।
আরও এক মার্কিন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, ঘটনায় জড়িত অন্য বিমানটিও একটি কেসি-১৩৫ ট্যাঙ্কার ছিল।
সেন্টকম জানায়, ‘পরিস্থিতি অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে আরও তথ্য প্রকাশ করা হবে। আমরা অতিরিক্ত তথ্য সংগ্রহ এবং সেনাসদস্যদের পরিবারের জন্য স্পষ্টতা দিতে কিছুটা ধৈর্য ধরার অনুরোধ করছি।’
এপি বলছে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের সময় প্রকাশ্যে স্বীকৃত হিসেবে এটি চতুর্থ বিমান ‘দুর্ঘটনা’। গত সপ্তাহে তিনটি মার্কিন যুদ্ধবিমান ‘ভুলবশত’ কুয়েতের মিত্র বাহিনীর গুলিতে ভূপাতিত হয়।
গেল সপ্তাহের শুরুতে মার্কিন কর্তৃপক্ষ জানায়, সাম্প্রতিক ইরান যুদ্ধ শুরু হওয়ার পর এখন পর্যন্ত সাত মার্কিন সেনা নিহত হয়েছেন এবং প্রায় ১৪০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে আটজনের অবস্থা গুরুতর।
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ উভয়েই সতর্ক করে বলেছেন, যুদ্ধ শেষ হওয়ার আগে আরও মার্কিন সেনার প্রাণহানি ঘটতে পারে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]