এনবিআরের ওয়েবসাইটে মিলবে এইচএস কোডভিত্তিক সব আমদানির তথ্য
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৬
এনবিআরের ওয়েবসাইটে মিলবে এইচএস কোডভিত্তিক সব আমদানির তথ্য
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সাধারণ মানুষসহ ব্যবসায়ী, গবেষক, শিক্ষার্থী ও সাংবাদিকদের জন্য এইচএসকোড ভিত্তিক পণ্য আমদানির তথ্য উন্মুক্ত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বাণিজ্যিক ও বন্ড সুবিধায় আমদানি করা পণ্যের এসব তথ্য এনবিআরের ওয়েবসাইটে নিয়মিত প্রকাশ করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।


মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এনবিআর।


এতে বলা হয়, আমদানি বাণিজ্যসংক্রান্ত তথ্য সহজলভ্য করার লক্ষ্যে দীর্ঘদিনের দাবি পূরণ হিসেবে এ উদ্যোগ নেয়া হয়েছে। গত সপ্তাহে এনবিআরের ওয়েবসাইট nbr.gov.bd–এর publication পোর্টালের customs লিংকে ডিসেম্বর মাসের বাণিজ্যিক ও বন্ড সুবিধায় পণ্য আমদানির তথ্য প্রকাশ করা হয়েছে।


প্রকাশিত তথ্যে এইচএসকোড ভিত্তিক শ্রেণিবিন্যাস অনুযায়ী আমদানি করা পণ্যের পরিমাণ, ওজন ও মূল্য সংক্রান্ত বিস্তারিত উপাত্ত উপস্থাপন করা হয়েছে। এনবিআর বলছে, এ উদ্যোগের ফলে আমদানি সংক্রান্ত তথ্যপ্রাপ্তি আরও সহজ, উন্মুক্ত ও স্বচ্ছ হবে।


তরুণ উদ্যোক্তা, বিনিয়োগকারী, গবেষক, শিক্ষাবিদ, ব্যবসায়ী ও সাংবাদিকদের জন্য নির্ভরযোগ্য ডেটা ব্যবহারের সুযোগ বাড়বে। একইসঙ্গে আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম, আমদানির প্রবণতা, মৌসুমি পরিবর্তন এবং বাণিজ্য কাঠামো বিশ্লেষণ সহজ হবে।


বন্ডেড সুবিধার আওতায় শিল্প উপকরণের প্রবাহ, আমদানি নির্ভরতা এবং রফতানিমুখী শিল্পে সহায়তা ব্যবস্থার কার্যকারিতা মূল্যায়নেও এ তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আন্তর্জাতিক বাণিজ্য বিশ্লেষণ, নীতি প্রণয়ন ও ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণেও এসব উপাত্ত সহায়ক হবে বলে আশা করছে এনবিআর।


ট্রেড ফ্যাসিলিটেশনের অংশ হিসেবে বাণিজ্যিক ও বন্ড সুবিধায় পণ্য আমদানির তথ্য প্রতি মাসে নিয়মিতভাবে এনবিআরের ওয়েবসাইটে প্রকাশের এ ব্যবস্থা অব্যাহত থাকবে বলেও জানিয়েছে এনবিআর।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com