
প্রযুক্তি ব্যবহারের গণ্ডি পেরিয়ে উদ্ভাবনের মাধ্যমে দেশকে স্বয়ংসম্পূর্ণ করার আহ্বান জানিয়েছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক।
শনিবার (৯ মে) বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তোমাদের কাজ হবে বিজ্ঞানকে প্রযুক্তিতে রূপান্তর করা। আমরা শুধু প্রযুক্তির ব্যবহারকারী হয়ে থাকবো না, প্রযুক্তি তৈরি করব, প্রযুক্তি রপ্তানি করব। এই লক্ষ্য পূরণের জন্য প্রকৌশলী শিক্ষার্থীরাই মূল শক্তি।
উপাচার্য আরও বলেন,লক্ষ্য অর্জনের জন্য প্রস্তুতির সময় এখনই। আগামী চার বছর যদি প্রস্তুতি নিতে ব্যর্থ হও, তবে ব্যর্থতাকেই বরণ করতে হবে। একজন ভালো প্রকৌশলীর পাশাপাশি সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। রুয়েট ও দেশের সুনাম তোমাদের হাতেই।অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের এই পর্যায়ে আনার পেছনে তাদের অবদানই সবচেয়ে বেশি।
এদিন তিন পর্বে তিনটি অনুষদের ১৪টি বিভাগের মোট ১ হাজার ২৩৫ জন নবীন শিক্ষার্থী ওরিয়েন্টেশনে অংশ নেয়। রবিবার (১০ মে) থেকে তাদের ক্লাস শুরু হচ্ছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্র কল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার। তিনি জানান,নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়তে র্যাগিং ও বুলিংবিরোধী নীতিমালা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যবীমাসহ বিভিন্ন কল্যাণমূলক উদ্যোগ নেওয়া হয়েছে। ছাত্রীদের শতভাগ এবং ছাত্রদের ৮০ ভাগ আবাসন নিশ্চিত করা গেছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড.মো. কামরুজ্জামান, ইলেকট্রিক্যাল এন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড.বশির আহমেদ ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড.মো. নুরুল ইসলামসহ ১৪টি বিভাগের প্রধানগণ।
রুয়েটের তিনটি প্রকৌশল অনুষদের ১৪টি বিভাগে মোট আসন ১,২৩০টি। এর মধ্যে সিএসই, ইইই, সিই ও এমই বিভাগে ১৮০টি করে, এমটিই, সিএমই, আইপিই, এমএসই, ইউআরপি, ইসিই ও ইটিই বিভাগে ৬০টি করে এবং এআরসিএইচ, সিএইচই ও ইসিএম বিভাগে ৩০টি করে আসন রয়েছে। এবার ভর্তির সুযোগ পেয়েছে ১,২৩৫ জন শিক্ষার্থী।
বিবার্তা/মোস্তাফিজুর/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]