সংবাদ সম্মেলনে পিবিআই
ফেলে যাওয়া স্যান্ডেলে ধরা অটোরিকশা চালক হত্যার আসামি
প্রকাশ : ০৯ জুলাই ২০২৬, ২১:১৪
ফেলে যাওয়া স্যান্ডেলে ধরা অটোরিকশা চালক হত্যার আসামি
সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

মানিকগঞ্জের সিংগাইরে ১৬ বছর বয়সী অটোরিকশাচালক সাবিকুল ইসলাম হত্যা মামলার রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সিসিটিভি ফুটেজ, তথ্যপ্রযুক্তি ও ঘটনাস্থল থেকে উদ্ধার করা আলামতের ভিত্তিতে আসাদুজ্জামান (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডের দায় স্বীকার করে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে জানিয়েছে সংস্থাটি।


বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে মানিকগঞ্জে পিবিআই কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জয়িতা শিল্পী এসব তথ্য জানান।


তিনি বলেন, গ্রেফতার আসাদুজ্জামান মানিকগঞ্জ সদর উপজেলার গড়াই নতুনপাড়া গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি সাভারের হেমায়েতপুরে বসবাস করতেন এবং সেখানে একটি আবাসিক হোটেলে সহকারী ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।


পিবিআই জানায়, গত ৩০ জুন বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন অটোরিকশাচালক সাবিকুল ইসলাম। পরদিন সিংগাইরের একটি পাটক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ঘটনাটির ছায়া তদন্ত শুরু করে পিবিআই। তদন্তে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ, তথ্যপ্রযুক্তির সহায়তা এবং বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে বুধবার (৮ জুলাই) সন্ধ্যায় সাভারের হেমায়েতপুর এলাকা থেকে আসাদুজ্জামানকে গ্রেফতার করা হয়।


সংবাদ সম্মেলনে জানানো হয়, ঘটনার দিন আসাদুজ্জামান মিতরা বাসস্ট্যান্ড এলাকা থেকে সাবিকুলের অটোরিকশায় ওঠেন। ভাঙা সড়কে চলাচলের সময় গাড়ির ঝাঁকুনিকে কেন্দ্র করে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। পরে রাস্তার পাশের একটি পাটক্ষেতে গিয়ে মারামারির সময় আসাদুজ্জামান সাবিকুলের মুখ কাদায় চেপে ধরেন এবং ঘাড়ে চাপ প্রয়োগ করেন। এতে শ্বাসরোধে তার মৃত্যু হয় বলে দাবি করেছে পিবিআই।


হত্যার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার সময় আসাদুজ্জামানের একটি স্যান্ডেল সেখানে পড়ে যায়। সেটি গুরুত্বপূর্ণ আলামত হিসেবে জব্দ করা হয়েছে। নিহতের অটোরিকশাটিও সিংগাইর থানা পুলিশ জব্দ করেছে।


পুলিশ সুপার জয়িতা শিল্পী বলেন, সিসিটিভি ফুটেজ, আলামত ও তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিকে শনাক্ত করা সম্ভব হয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি হত্যার দায় স্বীকার করে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তাকে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়ার জন্য আদালতে পাঠানো হবে। মামলার তদন্ত ও পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।


পিবিআইয়ের তথ্য অনুযায়ী, গত ৩০ জুন বিকেল থেকে ১ জুলাই রাত আড়াইটার মধ্যে কোনো এক সময় হত্যাকাণ্ডটি সংঘটিত হয়।


বিবার্তা/হাবিবুর/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com