
চট্টগ্রাম নগরীর সদরঘাট থানা এলাকার একটি বাসা থেকে নুর নাহার বেগম (৭৫) নামের আওয়ামী লীগের সাবেক এক নেত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে পূর্ব মাদারবাড়ী মাঝিরঘাট এলাকার নিজ বাসার শয়নকক্ষ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
তাঁর মৃত্যুর কারণ উদ্ঘাটনে ময়নাতদন্তের প্রতিবেদন ও নিখোঁজ দুটি মোবাইল ফোনের সূত্র ধরে তদন্ত এগিয়ে নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।
নুর নাহার বেগম পূর্ব মাদারবাড়ী ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক ছিলেন। তাঁর স্বামী মৃত আবুল কালাম।
তিনি নগরের সদরঘাট থানার মাঝিরঘাট রোডের সরকারি পুকুরপাড় এলাকার নুর মোহাম্মদ মাস্টার লেনে বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন নুর নাহার। সম্প্রতি তাঁর বড় ছেলেও ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান। এরপর থেকে ছোট ছেলের সঙ্গে বাসায় থাকতেন তিনি। বুধবার সকালে তাঁর ছেলে কর্মস্থলে চলে যান। অন্তঃসত্ত্বা পুত্রবধূও ছিলেন বাবার বাড়িতে। ফলে ঘটনার সময় বাসায় একাই ছিলেন নুর নাহার।
সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ একরাম উল্লাহ বলেন, সন্ধ্যায় বাসার পেছনের দরজা খোলা দেখতে পান ভাড়াটিয়ারা। পরে তাঁরা ভেতরে ঢুকে শয়নকক্ষের বিছানায় নুর নাহারকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে।
ওসি আরও বলেন, পরিবারের সদস্যদের ভাষ্যমতে, নুর নাহার ক্যানসার, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপসহ নানা জটিল রোগে ভুগছিলেন। তাঁর শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে সদরঘাট থানায় অপমৃত্যুর মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান ওসি।
বিবার্তা/জাহেদ/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]