
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মহেড়া রেলস্টেশন এলাকায় নীলসাগর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে একাধিক ট্রেন। ফলে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মহেড়া রেলস্টেশনের স্টেশনমাস্টার রকিবুল হাসান জানান, বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি মহেড়া রেলস্টেশন এলাকায় পৌঁছালে এর পেছনের দিকের একটি বগির চাকা লাইনচ্যুত হয়। এতে রেললাইনের ব্লক পয়েন্ট ক্ষতিগ্রস্ত হওয়ায় ওই পথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বিভিন্ন স্টেশনে আটকা পড়ে কয়েকটি ট্রেন।
তিনি আরও জানান, ক্ষতিগ্রস্ত রেললাইন ও ব্লক পয়েন্ট মেরামতের কাজ শেষ না হওয়া পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক করা সম্ভব হচ্ছে না। মেরামতকাজ কখন শেষ হবে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে, কয়েকজন যাত্রী জানান, নীলসাগর এক্সপ্রেসের পেছনের শেষ বগিটি লাইনচ্যুত হলেও এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
রেলওয়ের কর্মকর্তা রেজাউল করিম জানান, ট্রেনটির শেষ বগিটি লাইনচ্যুত হওয়ায় সেটি বিচ্ছিন্ন করে বাকি অংশ নিয়ে ট্রেনটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়। পরে লাইনচ্যুত বগিটি উদ্ধারে রিলিফ ট্রেন পাঠানো হয়। দ্রুত সময়ের মধ্যে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বিবার্তা/বাবু/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]