
নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় স্বামীর বাসা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফার্মেসী বিভাগের শিক্ষার্থী ফারজানা ইসলামের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তাঁর স্বামী নাজমুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) রাত ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক ধারণা, এটি আত্মহত্যার ঘটনা। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।
ফারজানা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক এবং ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতকোত্তরের শিক্ষার্থী ছিলেন। তাঁর স্বামী নাজমুলও একই বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।
ফারজানার পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকে তিনি স্বামীর হাতে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন। গত বছরের ডিসেম্বরে নির্যাতনের অভিযোগে স্বামীর বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা করেন তিনি। পরে পারিবারিক সমঝোতার মাধ্যমে মামলাটি প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয় বলে জানিয়েছে পরিবার। পরিবারের পক্ষ থেকে ফারজানার নিহতের ঘটনাটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে অভিযোগ করা হয়েছে।
নিহত ফারজানার ভাই আরিফুল ইসলাম জানান, বিভিন্ন সময়ে তাঁর পরিবারের কাছ থেকে পাঁচ থেকে সাত লাখ টাকা নেওয়া হয়েছে। অর্থের জন্য চাপ দেওয়ার পাশাপাশি ফারজানার ওপর নির্যাতনও করা হতো।
আরিফুল আরও জানান, ঘটনার দিন সন্ধ্যায় বোনের সঙ্গে তাঁর কথা হয়েছিল। তখন কথাবার্তায় অস্বাভাবিক কিছু মনে হয়নি। পরে রাতে ফোনে তিনি ফারজানার মৃত্যুর খবর পান।
এ বিষয়ে ফতুল্লা থানার উপপরিদর্শক (এসআই) গাজী সুমন মাহতাব জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফারজানার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় তাঁর স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
বিবার্তা/প্রসেনজিত/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]