
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) লিফটে ওঠাকে কেন্দ্র করে কথাকাটাকাটির জেরে ২১ ও ২৩ ব্যাচের দুই শিক্ষার্থীর মধ্যে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের দুই শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে বিশ্ববিদ্যালয়ের শেরেবাংলা হলের ডাইনিংয়ের সামনে এ ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীরা হলেন- ২১ ব্যাচের অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের শরীফ এবং ২৩ ব্যাচের ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স অনুষদের রুম্মান।
বিভিন্ন সূত্রে জানা যায়, এর আগে বিজয়-২৪ হলের লিফটে ওঠার সময় রুম্মান ২১ ব্যাচের শিক্ষার্থী শরীফকে ‘হাই ব্রো, লিফটটি ধরেন’ বলে ডাকেন। এ সময় শরীফ তাকে ‘ব্রো’ বলার কারণ জানতে চান এবং তার নাম ও ব্যাচ জিজ্ঞাসা করেন। বিষয়টি নিয়ে দুজনের মধ্যে কথাকাটাকাটি হয়।
২৩ ব্যাচের শিক্ষার্থী রুম্মানের ভাষ্য, দুপুরে ক্লাস শেষে ক্লান্ত থাকায় তিনি ‘ভাই’ না বলে ‘ব্রো’ বলে লিফটটি ধরতে বলেন। এতে শরীফ তার পরিচয় জানতে চান এবং তাকে লিফটে উঠে উপরে। যেতে বাধা দেন। পরে রাতে শেরেবাংলা হলের ডাইনিংয়ের সামনে ২১ ব্যাচের মারুফের উপস্থিতে লিফটের বিষয়টি নিয়ে আবার কথা হয়। একপর্যায়ে তার ব্যাচমেট সুজনসহ তাকে বকাবকি ও মারধর শুরু করেন বলে অভিযোগ করেন রুম্মান। তিনি আত্মরক্ষার চেষ্টা করলে তার মাথা ও কপাল ফেটে যায় বলেও জানান।
অন্যদিকে, ২১ ব্যাচের শিক্ষার্থী শরীফের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
বিভিন্ন সোর্স থেকে জানা যায়, শেরেবাংলা হলের ডাইনিংয়ের সামনে শরীফ ও রুম্মানের মধ্যে প্রথমে কথাকাটাকাটি হয়। পরে তা হাতাহাতিতে রূপ নেয়। এ সময় ছাত্রদল নেতা জিব্রাইল শরীফ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং তার সঙ্গে ২১ ব্যাচের এক শিক্ষার্থীরও হাতাহাতি হয় বলে বিভিন্ন সোর্স জানান।
তবে ছাত্রদল নেতা জিব্রাইল শরীফ বলেন, ‘আমি শেরেবাংলা হলের সামনে ছিলাম। হলের ভেতর হৈচৈ শুনে সেখানে গিয়ে দেখি আমার ছোট ভাইয়ের সঙ্গে তার সিনিয়রের কোনো একটি বিষয় নিয়ে সমস্যা হয়েছে। পরে বিষয়টি সমাধানের জন্য ২১ ব্যাচের শিক্ষার্থী শরীফ ও উপস্থিত তার ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে শেরেবাংলা হলের গেস্টরুমে বসতে চাই। এ সময় সেখানে উপস্থিত ২১ ব্যাচের শিক্ষার্থী অ্যানিমেশ রায় তার ব্যাচের অন্যদের বিষয়টি জানালে কয়েকজন শিক্ষার্থী এসে আমাদের সঙ্গে কথাকাটাকাটি ও একপর্যায়ে হাতাহাতিতে জড়িয়ে পড়েন।’
ঘটনায় আহত দুই শিক্ষার্থীকে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও সেখানে কর্মরত এক চিকিৎসক জানান, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে একজন শিক্ষার্থী আহত অবস্থায় হাসপাতালে এসেছিলেন। তাকে প্রয়োজনীয় ড্রেসিং করে পাঠিয়ে দেওয়া হয়েছে।
ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ বলেন, ‘আমি বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। ঘটনার সত্যতা যাচাই করে পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে।’
বিবার্তা/ফাহিম/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]