
টাঙ্গাইল সদর উপজেলা বিএনপি নেতা ও দাইন্যা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম ফারুক হত্যাকাণ্ডের ১৩ বছর পেরিয়ে গেলেও বিচার শেষ হয়নি। দ্রুত বিচার সম্পন্ন, হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা করেছেন নিহতের পরিবারের সদস্য, দলীয় নেতা-কর্মী ও স্থানীয়রা।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ‘শহীদ ফারুক চেয়ারম্যান স্মৃতি সংঘ’ ও পশ্চিম টাঙ্গাইলের সর্বস্তরের জনগণের ব্যানারে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য দেন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, নিহত ফারুকের ভাই ও দাইন্যা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজহারুল ইসলাম লাভলু মিয়াসহ পরিবারের সদস্য ও দলীয় নেতা-কর্মীরা।
বক্তারা বলেন, ১৩ বছরেও ফারুক চেয়ারম্যান হত্যার বিচার শেষ না হওয়া অত্যন্ত দুঃখজনক। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
আলোচনা সভা শেষে শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আদালত চত্বরে গিয়ে শেষ হয়।
উল্লেখ্য, ২০১৩ সালের ২০ ডিসেম্বর সকালে টাঙ্গাইল শহরের আকুরটাকুর এলাকায় প্রাতর্ভ্রমণে বের হন রফিকুল ইসলাম ফারুক। সকাল সাড়ে ৬টার দিকে আকুরটাকুর বটতলা বাজার এলাকায় পৌঁছালে একদল সন্ত্রাসী তাঁর ওপর হামলা চালায়। এ সময় তাঁকে গুলি ও কুপিয়ে হত্যা করা হয়।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁর মরদেহ উদ্ধার করে। পরদিন নিহতের ছোট ভাই লাভলু মিয়া বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় মামলা করেন। প্রথমে সদর থানা পুলিশ মামলাটি তদন্ত করলেও পরে তদন্তের দায়িত্ব দেওয়া হয় জেলা গোয়েন্দা পুলিশকে।
দীর্ঘ সময়েও মামলার বিচার শেষ না হওয়ায় দ্রুত বিচার সম্পন্ন এবং হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন নিহতের পরিবার ও স্বজনরা।
বিবার্তা/বাবু/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]