ফেসবুকে সরকারকে কটূক্তি: সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কারাগারে সেই তরুণ
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২৩:১৩
ফেসবুকে সরকারকে কটূক্তি: সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কারাগারে সেই তরুণ
গাজীপুর প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিও বার্তায় সরকারকে কটূক্তির অভিযোগে গাজীপুরের সেই তরুণ সিফাত আব্দুল্লাহকে কারাগারে পাঠানো হয়েছে।


শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠায় পুলিশ।


গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম রব্বানী বিষয়টি নিশ্চিত করেছেন।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিফাত আব্দুল্লাহ বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রীকে নিয়ে বিভিন্ন আপত্তিকর বক্তব্য দিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। সর্বশেষ গতকাল বৃহস্পতিবার তাঁর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।


১ মিনিট ২৪ সেকেন্ডের ওই ভিডিওতে সরকারপ্রধানসহ সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে অশালীন ভাষা ব্যবহারের অভিযোগ উঠেছে। ভিডিওতে সিফাত দাবি করেন, চলতি মাসে তাঁর বাসায় চার হাজার টাকা ও আগের মাসে পাঁচ হাজার টাকা বিদ্যুৎ বিল এসেছে। তিনি এসব বিলকে অতিরিক্ত দাবি করে বিদ্যুৎ ও গ্যাস-সংকটসহ দেশের বিভিন্ন বিষয় নিয়েও মন্তব্য করেন।


ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা বিষয়টি গাছা থানা-পুলিশে জানান। পরে গতকাল রাতে পুলিশ সিফাতকে আটক করে থানায় নিয়ে যায়।


ওসি মো. গোলাম রব্বানী আজকের পত্রিকাকে বলেন, প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় আটক সিফাত আব্দুল্লাহকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।


কটূক্তির ঘটনায় কেন সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কারাগারে পাঠানো হলো—এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, আটক সিফাত আব্দুল্লাহ সাম্প্রতিক সময়ে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সঙ্গে মিলে ঝটিকা মিছিলের প্রস্তুতি নেন। এ জন্য তাঁকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কারাগারে পাঠানো হয়েছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com