
গ্যাস সরবরাহের দাবিতে নরসিংদীর পাঁচদোনা-টঙ্গী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন সিএনজিচালিত অটোরিকশার চালকরা।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে এই অবরোধ করে বিক্ষুব্ধ চালকরা। সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলা প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয়া হয়। এতে দীর্ঘ ৪ ঘন্টা সড়কটিতে যান চলাচল বন্ধ থাকে।
বিক্ষুব্ধ চালকরা জানান, পাঁচদোনা থেকে টঙ্গী মহাসড়কের মধ্যে ঘোড়াশাল বাইপাস এলাকায় একমাত্র নাজমুল সিএনজি ফিলিং স্টেশনের অবস্থান। গত ২ দিন ধরে এখান থেকে অল্প গ্যাস নিয়ে কোনরকমে অটোরিকশা চালিয়ে জীবনযাপন করতেন তারা।
কিন্তু বৃহস্পতিবার দুপুর আড়াইটার পর থেকে পাম্পটিতে একেবারে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে গ্যাস না পেয়ে চালকরা ক্ষিপ্ত হয়ে সড়ক অবরোধ করেন। এতে করে পাঁচদোনা-টঙ্গী সড়কের প্রায় ২০ কিলোমিটার এলাকাজুড়ে যান চলাচল বন্ধ থাকে। এসময় দুর্ভোগে পড়েন যাত্রীরা।
খবর পেয়ে সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত হয়ে গ্যাস সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিলে চালকরা সড়ক অবরোধ তুলে নেন বলে জানান পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন।
বিবার্তা/কামাল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]