বিএনপির হাত ধরেই দেশে গণতন্ত্রের বিজয় হয়েছে: টুকু
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ২১:২৫
বিএনপির হাত ধরেই দেশে গণতন্ত্রের বিজয় হয়েছে: টুকু
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপির নেতৃত্বেই দেশে গণতন্ত্রের বিজয় হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাকশাল থেকে দেশের মানুষকে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন। এরপর বিএনপির নেতৃত্বেই এ দেশের মানুষ গণতন্ত্রের চর্চা ও লালন করেছে।


মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইল শহরের শহিদ স্মৃতি পৌর উদ্যানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


সুলতান সালাউদ্দিন টুকু বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ নয় বছর গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন-সংগ্রাম করেছেন। তাঁর নেতৃত্বাধীন আন্দোলনের মধ্য দিয়েই দেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। ১৯৭৫ সালের বিপ্লব থেকে শুরু করে ২০২৪ সালের আন্দোলন পর্যন্ত গণতন্ত্রকামী প্রতিটি আন্দোলনে বিএনপি নেতৃত্ব দিয়েছে।


তিনি বলেন, যখনই গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, তখনই বিএনপি গণতন্ত্রের পক্ষে দাঁড়িয়েছে। বিএনপি কখনোই গণতন্ত্রের বিপক্ষে যায়নি।


বিএনপির রাজনৈতিক পরিচয় তুলে ধরে তিনি বলেন, বিএনপিকে কেউ রাজাকার বলতে পারে না। কারণ স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া দল বিএনপি। একইভাবে বিএনপিকে ফ্যাসিবাদী বা স্বৈরাচারী দলও বলা যায় না। কারণ বিএনপির নেতৃত্বেই ফ্যাসিবাদ ও স্বৈরাচারের পতন হয়েছে এবং বিএনপির হাত ধরেই গণতন্ত্রের বিজয় হয়েছে।


সরকারের বিভিন্ন কার্যক্রমের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, সরকারের বয়স মাত্র ছয় মাস। এই সময়ের মধ্যেই নির্বাচনী প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম-মুয়াজ্জিনদের বেতন-ভাতা, খাল খনন, বৃক্ষরোপণ এবং স্কুলের শিক্ষার্থীদের ব্যাগ ও পোশাক দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। জনগণকে দেওয়া প্রতিশ্রুতিগুলোর প্রতিটি বাস্তবায়নের কাজ এগিয়ে চলছে।


তিনি আরও বলেন, অনেকে নানা ধরনের কথা বলছেন। কিন্তু বিএনপি কখনো জনগণের বিপক্ষে যায়নি। জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়েই বিএনপি পথ চলেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল থেকে রাত পর্যন্ত দেশের মানুষের জন্য কাজ করছেন। এই মুহূর্তে দক্ষিণ এশিয়ার সবচেয়ে জনপ্রিয় নেতৃত্ব প্রধানমন্ত্রী তারেক রহমান।


দেশ নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ তুলে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বর্তমানে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র চলছে। কীভাবে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রকে ধ্বংস করা যায়, সে অপচেষ্টা চলছে। এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। কোনোভাবেই যেন বাংলাদেশে গণতন্ত্রবিরোধী শক্তি আবার ক্ষমতায় আসতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।


জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে জনসভায় জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানুর সঞ্চালনায় আরও বক্তব্য দেন মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এবিএম শহিদুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলী ইমাম তপন, যুবদলের সাবেক আহ্বায়ক কাজী শফিকুর রহমান লিটন, সদর উপজেলা বিএনপির সভাপতি মো. আজগর আলী, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ প্রমুখ


এর আগে বিকেল ৪টা ১০ মিনিটে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড ও বাদ্যযন্ত্র নিয়ে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পৃথক পৃথক র‍্যালি নিয়ে শহিদ স্মৃতি পৌর উদ্যানে এসে জনসভায় অংশ নেন। এ সময় হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে পুরো এলাকা মুখর হয়ে ওঠে।



বিবার্তা/বাবু/এসএম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com